মোঃ নাহিদ প্রধান, নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬ রাত ০৭:২৫:১১
সরকার গোপালগঞ্জই চালাতে পারে না, দেশ চালাবে কীভাবে: নরসিংদীতে জামায়াত নেতা
গোপালগঞ্জসহ দেশব্যাপী আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাটের প্রতিবাদ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে নরসিংদী পৌরসভা থেকে মিছিলটি শুরু হয়। পরে বিভিন্ন স্লোগানে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিক্ষাচত্বরে গিয়ে শেষ হয়।
এসময় জেলা জামায়াতের আমীর ইব্রাহিম ভূইয়া, সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, সহকারী সেক্রেটারি হাফেজ আনোয়ারুল ইসলাম, মাহফুজ ভূইয়া, নরসিংদী শহর জামায়াতের আমীর আজিজুর রহমান, মাধবদী শহর আমীর আমিনুল হক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল লতিফ খান, আমীরুল ইসলাম, জেলা ছাত্রশিবির সভাপতি হাফেজ শাহিন, সেক্রেটারি আমিনুল ইসলাম সহ জেলা ও উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে জেলা জামায়াতের আমীর ইব্রাহিম ভূইয়া বলেন, সরকার গোপালগঞ্জই চালাতে পারে না, দেশ চালাবে কীভাবে? খুব দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাইয়ে শহীদদের হত্যার বিচার নিশ্চিত করতে হবে। এসব জাতীয় দাবি পূরণ ছাড়া কোনো ঐক্য হতে পারে না। আগে আমাদের দাবি পূরণ করুন, আমরাও ঐক্যে আসতে চাই। কিন্তু সরকারের কর্মকাণ্ডে ভালো লক্ষণ দেখছি না। সব জায়গায় দলীয়করণ করা হচ্ছে।
এ সময় আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন দলটির নেতাকর্মীরা।