রুহুল আমিন কিবরিয়া, বগুড়া
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ রাত ০৬:২৫:৩১
বগুড়ায় বিশ্ব শিশু সপ্তাহের সমাপ্তি, পুরস্কার পেল বিজয়ীরা
জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, বগুড়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির। এ ছাড়া উপস্থিত ছিলেন শিশু একাডেমির জেলা পরিচালনা কমিটির মনোনীত সদস্য নাজমা আখতার, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট পলাশ সরকারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সোহেল রানা। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।
‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’ প্রতিপাদ্যে গত ৬ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত বগুড়া জেলা শিশু একাডেমিতে নানা কর্মসূচি আয়োজন করা হয়। চিত্রাঙ্কন, আবৃত্তি, সংগীত, নৃত্য, মোরগ লড়াই ও মার্বেল খেলাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয় শিশুরা। এসব আয়োজনের মধ্য দিয়ে শিশুদের প্রতিভা বিকাশ, সৃজনশীলতা চর্চা ও আনন্দময় পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়।
গত ৬ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে দেশব্যাপী বিশ্ব শিশু সপ্তাহ-২০২৬-এর কর্মসূচি শুরু হয়। বগুড়ায় পাঁচ দিনব্যাপী আয়োজনের শেষ দিনে শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশু অধিকার দিবস, বিশ্ব শিশু সপ্তাহ ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত কর্মসূচি শেষ হয়।