মোঃ সিরাজুল ইসলাম ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬ রাত ০৬:৫৭:২৩
ধামরাইয়ে নান্নার যুবক্রীড়া সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, টাইব্রেকারে জয় মানিকগঞ্জের
ঢাকার ধামরাইয়ে নান্নার যুবক্রীড়া সংঘের উদ্যোগে দ্বিতীয় সেমিস্টার ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার নান্নার যুবক্রীড়া সংঘ ক্লাবের আয়োজনে নান্নার খেলার মাঠ প্রাঙ্গণে এ খেলার আয়োজন করা হয়।
খেলায় মুখোমুখি হয় আদর্শ ফুটবল একাডেমি বসুন্ধরা ও শান্তা ইসলাম মায়া স্পোর্টিং ক্লাব মানিকগঞ্জ।
খেলার উদ্বোধন করেন নান্নার ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল্লাহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক মো. রেজুয়ান আহমেদ চৌধুরী রবিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্নার যুবক্রীড়া সংঘ ক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম।
৬০ মিনিটের নির্ধারিত খেলায় কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। পরে আদর্শ ফুটবল একাডেমি বসুন্ধরাকে হারিয়ে বিজয়ী হয় শান্তা ইসলাম মায়া স্পোর্টিং ক্লাব মানিকগঞ্জ।
খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠে উপস্থিত দর্শকরা করতালি ও উল্লাসের মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহ দেন।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ধারার খেলাধুলায় সম্পৃক্ত করতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্নার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু বক্কর সিদ্দিক, নান্নার ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল মান্নান, নান্নার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, নান্নার ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাবেক বিএনপি নেতা মোঃ হারুনর রশীদ, নান্নার ইউপি মেম্বার নজরুল ইসলাম ঠান্ডু, মোঃ হাফিজুর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।