নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:২৫:৫৫
শ্রেষ্ঠত্ব ও সাফল্যের স্বীকৃতিতে অনুষ্ঠিত হলো ‘এএএ অ্যাওয়ার্ডস ২০২৬’
যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাগত ও পেশাগত সম্পৃক্ততা রয়েছে এমন বিশিষ্ট ব্যক্তিদের অসামান্য অর্জন, নেতৃত্ব, উদ্ভাবন এবং সমাজে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি জানাতে ‘এএএ অ্যাওয়ার্ডস ২০২৬’-এর অষ্টম আসর আয়োজন করেছে আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন (এএএ)। গত ২৭ নভেম্বর রাজধানীর দ্য ওয়েস্টিন হোটেলে সংগঠনটির এ দ্বিবার্ষিক সম্মাননা অনুষ্ঠান উদযাপিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। এএএ-এর সভাপতি এবং অনন্ত গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) চেয়ারম্যান শরীফ জহীরের নেতৃত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের বিশিষ্ট প্রতিনিধি, ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও কূটনৈতিক অঙ্গনের প্রতিনিধি, ব্যবসায়ী নেতা, শিক্ষাবিদ ও পেশাজীবীরা অংশ নেন।
এবারের আসরে একটি স্বাধীন বিচারকমণ্ডলীর মাধ্যমে সাতটি বিভাগে সাতজন বিশিষ্ট ব্যক্তিকে এবং দুটি বিশেষ সম্মাননায় আরও দুজন গুণী ব্যক্তিত্বকে পুরস্কৃত করা হয়। সাতটি বিভাগে পুরস্কারপ্রাপ্তরা হলেন— শিল্প ও সংস্কৃতিতে চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও গবেষক রুবাইয়াত হোসেন; শিক্ষায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) অধ্যাপক ও উপাচার্য ড. আবদুল হান্নান চৌধুরী; উদ্ভাবন ও ব্যবসায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট গবেষক ও অধ্যাপক ড. নোভা আহমেদ; নীতি ও সুশাসনে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আইরিন খান; জনকল্যাণ ও আন্তর্জাতিক উন্নয়নে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. জায়েদি সাত্তার; বিজ্ঞান ও প্রযুক্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাইনুল হোসেন এবং সমাজসেবায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ।
এছাড়া জনস্বাস্থ্য, শিক্ষা ও উন্নয়ন খাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘এএএ আজীবন সম্মাননা’ প্রদান করা হয় ব্র্যাকের সাবেক ভাইস চেয়ার এবং কলাম্বিয়া ইউনিভার্সিটির মেইলম্যান স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক ড. আহমেদ মুশতাক রাজা চৌধুরীকে। অন্যদিকে, কূটনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে অসামান্য নেতৃত্ব ও অবদানের স্বীকৃতিস্বরূপ ‘এএএ বিশিষ্ট রাষ্ট্রনায়ক সম্মাননা’ পান পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এএএ-এর সভাপতি শরীফ জহীর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সম্পর্কের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, চলতি মাসে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন থেকে অর্থায়ন পাওয়ার যোগ্যতা পুনরায় অর্জন করেছে, যা দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এর মাধ্যমে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও সংশ্লিষ্ট অর্থনৈতিক অঞ্চলসহ জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্প এবং খুলনাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে মার্কিন বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হবে। বাণিজ্য দুই দেশের সম্পর্ককে সুদৃঢ় করেছে উল্লেখ করে তিনি বলেন, বিনিয়োগ এই সম্পর্ককে আরও গভীর ও বিস্তৃত করতে পারে।
যুক্তরাষ্ট্রের উদারশিক্ষা ব্যবস্থার মূল্যবোধ ও শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামোর উদাহরণ টেনে শরীফ জহীর বাংলাদেশের জন্যও এমন শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন, যা ব্যক্তি বা নেতৃত্বের পরিবর্তনের ঊর্ধ্বে থেকে দেশের টেকসই অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করবে। পাশাপাশি এএএ-এর তিন দশক পূর্তির পথে প্রজন্মের মধ্যে সংযোগ স্থাপন এবং ভবিষ্যৎ নেতৃত্বের জন্য নতুন সুযোগ সৃষ্টিতে অ্যাসোসিয়েশনকে আরও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
১৯৯৮ সালের ১২ মার্চ ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের উদ্যোগে প্রতিষ্ঠিত আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন গত ২৮ বছর ধরে দুই দেশের মধ্যে শিক্ষা, পেশাগত উন্নয়ন এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক জোরদারে কাজ করে আসছে। ২০০৫ সালে প্রবর্তিত এএএ অ্যাওয়ার্ডস বর্তমানে দেশের গুণী ও কৃতী ব্যক্তিদের স্বীকৃতি প্রদানের একটি মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এবারের আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। এছাড়া প্লাটিনাম স্পন্সর হিসেবে জিপিএইচ ইস্পাত লিমিটেড, অনন্ত টেরেসেস ও ইপিলিয়ন গ্রুপ; গোল্ড স্পন্সর হিসেবে বারাকা গ্রুপ, ডেল্টা অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পানাম গ্রুপ, কনফিডেন্স গ্রুপ ও আবুল খায়ের গ্রুপ এবং পাবলিকেশন স্পন্সর হিসেবে তুরাগ অ্যাকটিভ, নিউ জিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ, ক্রস ওয়ার্ল্ড গ্রুপ, কনকা অ্যান্ড গ্রি, ম্যাকডোনাল্ড এবং ডাবল ওয়েভ (বিডি) লিমিটেড সহযোগী হিসেবে যুক্ত ছিল।