নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ দুপুর ০১:৩৭:২৮
এভারকেয়ার হাসপাতাল ও বিপিটিএমএ-এর মধ্যে করপোরেট স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষরিত
বাংলাদেশ পাইপ অ্যান্ড টিউবওয়েল মার্চেন্টস অ্যাসোসিয়েশন (বিপিটিএমএ)-এর সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে এভারকেয়ার হাসপাতাল ঢাকার পরিচালনাকারী প্রতিষ্ঠান এসটিএস হোল্ডিংস লিমিটেডের সাথে এক কর্পোরেট সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
২৩ জুলাই মঙ্গলবার আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে এই স্বাস্থ্যসেবা অংশীদারিত্বের সূচনা ঘটে, যার আওতায় সংগঠনটির তালিকাভুক্ত ব্যক্তিবর্গ হাসপাতালটি থেকে বিশেষ সুবিধা ও ছাড়ে বিভিন্ন চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।
চুক্তি অনুযায়ী, বাংলাদেশ পাইপ অ্যান্ড টিউবওয়েল মার্চেন্টস অ্যাসোসিয়েশনের কর্মকর্তা-কর্মচারী, পরামর্শক, পরিচালনা পর্ষদ ও সদস্যরা এবং তাদের ২১ বছরের কম বয়সী সন্তান, স্বামী/স্ত্রী ও পিতা-মাতা এই স্বাস্থ্যসেবার আওতায় আসবেন। তারা এভারকেয়ার হাসপাতাল ঢাকায় বহির্বিভাগ ও অন্তর্বিভাগে চিকিৎসাসেবা নেওয়ার পাশাপাশি ল্যাব ইনভেস্টিগেশন, রেডিওলজি ইনভেস্টিগেশন, কেবিন ট্যারিফ, অপারেশন থিয়েটার, অ্যানাস্থেসিয়া, সার্জন ফি, ফিজিওথেরাপি এবং অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন সেবায় নির্ধারিত শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন। তবে ওষুধ, ডিসপোজেবল সামগ্রী এবং রেজিস্ট্রেশন ফির ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না।
বিপিটিএমএ-এর গ্রাহকদের জন্য এভারকেয়ার হাসপাতালে একটি বিশেষ ডেডিকেটেড করপোরেট ডেস্ক থাকবে, যার মাধ্যমে তারা অগ্রাধিকারের ভিত্তিতে সেবা পাবেন। শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত যোগাযোগের নম্বর এবং জরুরি প্রয়োজনের জন্য ২৪ ঘণ্টার হটলাইনের মাধ্যমে এই সেবা প্রদান করা হবে। সেবা পেতে গ্রহীতাদের পূর্বে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এবং হাসপাতালের নির্ধারিত নিয়মাবলী অনুসরণ করতে হবে।
চুক্তি অনুষ্ঠানে এসটিএস হোল্ডিংস লিমিটেডের পক্ষ থেকে চিফ মার্কেটিং অফিসার বিনয় কাউল এবং বাংলাদেশ পাইপ অ্যান্ড টিউবওয়েল মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি পারভেজ আলম চুন্নু চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়াও উপস্থিত ছিলেন এভারকেয়ার হাসপাতাল ঢাকার করপোরেট মার্কেটিংয়ের জিএম ও প্রধান এ এম আবুল কাশেম রনি, এক্সিকিউটিভ শিহাব শাহরিয়ার খান এবং বিপিটিএমএ-এর সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেন জাবুল, সহ-সভাপতি গোলাম শাহরিয়ার জায়েদ ও পরিচালক ইমরান কবিরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।