নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৯:৪৭
এবার অরবিন্দ কেজরিওয়ালকে আটক
এবার আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আটক করেছে পুলিশ। এনডিটিভির লাইভ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ ছাড়া একইসময়ে সঞ্জয় সিং, সৌরভ ভরদ্বাজ, দুর্গেশ পাঠকসহ এএপি দলের অন্যান্য নেতাদের আটক করেছে দিল্লি পুলিশ।
প্রতিবেদনে বলা হয়েছে, তারা ভারতের প্রধান নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করছিলেন।
এরই মধ্যে শনিবার সকাল থেকে অন্তত হাজার খানেক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
এর আগে বিক্ষোভে যোগ দিতে দিল্লিতে পৌঁছনো মাত্রই আটক করা হয়েছে ককরোচ জনতা পার্টির শীর্ষ নেতৃত্বকে। আটক হয়েছেন বামপন্থী ছাত্র নেত্রী নেহা বোরা ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও ।
বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, সিজেপির শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে বিমান থেকেই আটক করেছে পুলিশ। এর আগে সকালেই ইউটিউবার ধ্রুব রাঠিকে তার বাড়ি থেকেই আটক করা হয়।
সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবীকেও আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে। সেই সঙ্গে একাধিক জায়গায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়েছে।
বিক্ষোভের ঘোষিত এলাকা হিসেবে যন্তর মন্তরকে একরকম দুর্গ বানিয়ে ফেলা হলেও দুপুরে হঠাই বামপন্থী ছাত্র-নেত্রী নেহা বোরা রাজধানীর কেন্দ্রস্থল থেকে দূরে দিল্লি হাট এলাকায় জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন।