নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৬ রাত ১০:৩৯:২২
উত্তরায় মোবাইল জার্নালিজম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
মিডিয়া ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে রাজধানীর উত্তরায় মোবাইল জার্নালিজম (মজো রিপোর্টিং) বিষয়ক এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) উত্তরার রাজলক্ষ্মী এলাকায় লতিফ অ্যামপেরিয়ালে অবস্থিত ‘ভুতের আড্ডা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার’-এ এ কর্মশালার আয়োজন করা হয়।
মিডিয়া ট্রেনিং ইনস্টিটিউটের চেয়ারম্যান মো. ফরিদ আহমেদ নয়নের উদ্যোগে আয়োজিত এ কর্মশালা বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে মোবাইল জার্নালিজমের বিভিন্ন কৌশল, ডিজিটাল সংবাদ সংগ্রহ, ভিডিও ধারণ, সম্পাদনা এবং দ্রুত ও কার্যকর সংবাদ পরিবেশনের আধুনিক পদ্ধতি নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক নয়া দিগন্ত-এর সাবেক হেড অব ডিজিটাল যুবরাজ ফয়সাল। তিনি অংশগ্রহণকারীদের প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার বাস্তবধর্মী নানা দিক সম্পর্কে ধারণা দেন এবং মোবাইলভিত্তিক সংবাদ তৈরির বিভিন্ন কৌশল তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ টেলিকম (রাজারবাগ, ঢাকা)-এর অতিরিক্ত ডিআইজি শেখ মো. মিজানুর রহমান। তিনি বলেন, বর্তমান ডিজিটাল যুগে দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে মোবাইল জার্নালিজম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দক্ষ সাংবাদিক তৈরিতে এ ধরনের প্রশিক্ষণ সময়োপযোগী উদ্যোগ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অংশগ্রহণকারীদের মাঝে মিডিয়া ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে সনদপত্র (সার্টিফিকেট) বিতরণ করেন।
মিডিয়া ট্রেনিং ইনস্টিটিউটের চেয়ারম্যান মো. ফরিদ আহমেদ নয়ন বলেন, তরুণ ও উদীয়মান সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে নিয়মিত এ ধরনের ব্যবহারিক প্রশিক্ষণের আয়োজন করা হবে।
কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, সংবাদকর্মী এবং সাংবাদিকতা বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে।