নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬ রাত ০৭:১২:০৭
মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ড
তৈরি পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণে প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ, প্রস্তাবে কত টাকা মজুরির কথা বলা হয়েছে, তা এখনই প্রকাশ করতে চায় না নিম্নতম মজুরি বোর্ড বলে জানিয়েছেন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি বলেন, মালিকপক্ষের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে, স্টেকহোল্ডারদের মধ্যে কোনো ধরনের বিভ্রান্তিসহ উত্তেজনা তৈরি না করতে বোর্ডের সিদ্ধান্তে প্রস্তাবটি আপাতত গোপন রাখা হচ্ছে।
আজ সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে বোর্ডের তৃতীয় সভা শুরু হয়। পরে নামাজের বিরতি দিয়ে বিকেল ৪টা পর্যন্ত আলোচনা চলে। পরে সভা থেকে উঠে এসে সাংবাদিকদের ব্রিফ করেন মজুরি বোর্ডের চেয়ারম্যান। তিনি বলেন, আলোচনা আরও চলবে।দ
সৈয়দ আজাদ সুবহানী বলেন, আজকের সভায় মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব উপস্থাপন করেছে। সেটি নিয়ে আলোচনা চলছে। সভায় মালিক ও শ্রমিকপক্ষের বিশেষজ্ঞরা উপস্থিত রয়েছেন। তারা নিজ নিজ বিশ্লেষণ ও মতামত তুলে ধরছেন। এর আগে ঢাকা, আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ বিভিন্ন শিল্পাঞ্চলের ছোট, মাঝারি ও বড় কারখানা পরিদর্শন করে বোর্ড এবং প্রতিনিধিরা যেসব তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন, সেগুলো সভায় উপস্থাপন করা হয়েছে।
এর আগে দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছিল জানিয়ে তিনি বলেন, আজ মালিকপক্ষের প্রস্তাব উপস্থাপনের পর দুই পক্ষের মধ্যে যুক্তি-পাল্টা যুক্তি চলছে। এসব বক্তব্য ও মতামত বোর্ড নথিভুক্ত করছে।