প্রবাসীদের বর্তমান চ্যালেঞ্জের বিষয়ে উদ্বেগ প্রকাশ বাংলাদেশের
শাফি উদ্দিন আহমদ
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ বিকাল ০৪:২২:০০
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে আরব আমিরাত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের বর্তমান নানা চ্যালেঞ্জের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এসব সমস্যা সমাধানে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন। তিনি নিরাপদ, সুশৃঙ্খল ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণ ও বৈধ স্বার্থ রক্ষায় বাংলাদেশ সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২০২৬ সালের কোনো সুবিধাজনক সময়ে ঢাকায় 'দ্বিতীয় বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত যৌথ কনস্যুলার কমিটি'-র সভা আয়োজনে বাংলাদেশের প্রস্তুতির কথা জানান। এই সভায় কনস্যুলার ও অভিবাসন-সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা করা এবং এ খাতগুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
বৈঠকে দুই পক্ষ বাংলাদেশ ও ইউএই-এর ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারিত্ব পর্যালোচনা করে এবং বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, অবকাঠামো, বন্দর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য খাতে সহযোগিতা সম্প্রসারণে তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। তাঁরা প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সংক্রান্ত আলোচনা ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন, যা দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির একটি শক্তিশালী কাঠামো তৈরি করবে। পাশাপাশি, উভয় পক্ষ 'বাংলাদেশ-ইউএই যৌথ বিজনেস কাউন্সিল' সক্রিয় করা এবং সুবিধাজনক সময়ে এর বৈঠক আহ্বানের বিষয়ে সম্মত হয়।
সম্প্রতি অনুষ্ঠিত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির অধিবেশনে 'ওয়াদি উরাইয়াহ ন্যাশনাল পার্ক'-কে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের মূল্যবান সমর্থনের জন্য ইউএই রাষ্ট্রদূত আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উভয় পক্ষ দুই বন্ধুপ্রতিম দেশ ও তাদের জনগণের পারস্পরিক কল্যাণে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার বহুমাত্রিক অংশীদারিত্বকে আরও গভীর করতে নিবিড় যোগাযোগ বজায় রাখার বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।