নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৬ রাত ১০:৩৪:৫৮
নিজ ঘরে শিশু কন্যা ধর্ষণের অভিযোগে বাবা আটক
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ১৩ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার করেছে থানা পুলিশ। অভিযুক্ত সজিত পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের কৈলাটি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত মধ্যরাতে নিজ ঘরে ১৩ বছর বয়সী শিশু কন্যাকে জোরপূর্বক ধর্ষণ করে সজিত। এ সময় ভিকটিমের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে অভিযুক্ত সজিতকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে।
এলাকাবাসী জানান, অভিযুক্ত সজিত চরম মাদকাসক্ত। এর আগে নিজের মাকে ধর্ষণের চেষ্টা করায় লোকলজ্জা ও প্রাণভয়ে তার মা বাড়ি ছেড়ে পালিয়ে যান। এ ঘটনায় ভিকটিমের প্রতিবেশী চাচা মাইদুজ্জামান বাদী হয়ে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেছেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী শিশুটি তার বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছে। পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সজিতও নিজের মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করে। অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে। একই সাথে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা এবং পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।