রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ৭ আগস্ট ২০২৬ রাত ০৭:৫২:০৮
প্রাইভেটকার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত
বগুড়ার সদর উপজেলার এরুলিয়া এলাকায় ১১ ঘণ্টার ব্যবধানে আবারও মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহত দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা একটি শিশু গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে এরুলিয়া এলাকায় একটি প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এর আগে একই দিন ভোরে একই সড়কের কাছাকাছি স্থানে আরেকটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে স্বামী-স্ত্রী ও তাদের শিশু সন্তান গন্তব্যে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত শিশুটিকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার চিকিৎসা চলছে।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে। নিহতদের পরিচয় নিশ্চিতকরণ এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।