কালকিনি মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ৯ আগস্ট ২০২৬ রাত ০৭:৪৬:৪৫
মাদারীপুরে গ্যারেজে কেমিক্যালযুক্ত ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু
মাদারীপুরের ডাসারে কাজ করার সময় কেমিক্যালযুক্ত একটি ড্রাম বিকট শব্দে বিস্ফোরিত হয়ে নিরব শরীফ (১৫) নামে এক শিশু শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার গোপালপুর এলাকার একটি অটো গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিরব শরীফ উপজেলার পশ্চিম বনগ্রাম এলাকার হানিফ শরীফের ছেলে। সে দীর্ঘদিন ধরে স্থানীয় গোপালপুরের একটি কাঠের দোকানে সহকারী হিসেবে কাজ করে আসছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই সকালে গোপালপুরের ঐ গ্যারেজটির মালিক সুমন বেপারী কাজ করছিলেন। এ সময় কেমিক্যালযুক্ত একটি ড্রাম গ্রান্ডিং মেশিন দিয়ে কাটতে গিয়ে হঠাৎ করেই বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই বিস্ফোরণে গ্যারেজ মালিক সুমন বেপারী সহ পাশের দোকানে কর্মরত শিশু শ্রমিক নিরব শরীফ গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিস্ফোরণের বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দা ও সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে। পরে তাকে দ্রুত কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা- নিরীক্ষা শেষে নিরবকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে গোপালপুর ও পশ্চিম বনগ্রাম এলাকায় শোকের মাতম চলছে।
এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। ড্রামটিতে কী ধরনের কেমিক্যাল ছিল এবং বিস্ফোরণটি কীভাবে ঘটেছে তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।