বাগেরহাটের রামপালে জিআর নগদ অর্থ ও চাল বিতরণ
ফকির আতিয়ার রহমান, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ সকাল ১০:০০:৫৮
নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার
নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে সরকারি মানবিক সহায়তা হিসেবে জিআর (জেনারেল রিলিফ) নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের তাৎক্ষণিক দুর্ভোগ লাঘব ও খাদ্য সহায়তা নিশ্চিত করতে বাগেরহাটের রামপাল উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।
সোমবার (১০ আগস্ট) বিকাল ৪ টার সময়, বাগেরহাটের রামপাল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে জিআর (ক্যাশ) ও জিআর (চাল) সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মোঃ বাতেন,বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মো আনিছুর রহমান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা,বাগেরহাট।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন, নদীভাঙনের কারণে অনেক পরিবার তাদের বসতভিটা, ঘরবাড়ি ও সম্পদ হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে দ্রুত সরকারি সহায়তা পৌঁছে দিতে প্রশাসন কাজ করছে।
তিনি আরও বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে। ত্রাণ বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার পাশাপাশি দুর্যোগকবলিত মানুষের দুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে রামপাল উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসী বলেন, বাগেরহাটের রামপাল উপজেলার নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে উপজেলা প্রশাসন রয়েছে। দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজন অনুযায়ী সরকারি সহায়তা পৌঁছে দিতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও দুর্যোগ মোকাবিলায় সরকারের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সরকারি সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, নদীভাঙনের কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। এ অবস্থায় সরকারি নগদ অর্থ ও চালের সহায়তা তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে কিছুটা হলেও স্বস্তি দেবে।
আয়োজক সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও বাগেরহাটের রামপাল উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ঢাকার সহযোগিতায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ জিআর সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের জি,এম সাইফুল ইসলাম( পি আই ও) বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের তাৎক্ষণিক খাদ্য ও আর্থিক সংকট মোকাবিলায় জিআর সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে নদীভাঙনপ্রবণ এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও দীর্ঘমেয়াদি সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।