ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ রাত ০৮:১৭:২১
ধোবাউড়ায় জাতীয় যুব দিবস পালিত
ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা, যুব কর্মকর্তা আবু আক্তারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, যুবক-যুবতী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ থেকে যুব সমাজকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে যুব সমাজের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়।