গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ৯ আগস্ট ২০২৬ রাত ০৯:০১:৪৫
তিলে তিলে জমানো ২ লাখ টাকা উইপোকার পেটে, সর্বস্ব হারিয়ে দিশেহারা বৃদ্ধ দম্পতি
বৃদ্ধ বয়সে একটু স্বচ্ছলভাবে জীবন কাটাবেন—এই আশায় দীর্ঘ ১০-১২ বছর ধরে কষ্ট করে তিলে তিলে প্রায় ২ লাখ টাকা সঞ্চয় করেছিলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের তোফাজ্জল হোসেন ও তার স্ত্রী ফাতেমা বেগম। কিন্তু সেই দীর্ঘদিনের সঞ্চয় উইপোকার আক্রমণে কেটে টুকরো টুকরো হয়ে গেছে। জীবনের শেষ সম্বল হারিয়ে এখন দিশেহারা এই দম্পতি।
ক্ষতিগ্রস্ত তোফাজ্জল হোসেন ওই গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে স্ত্রীকে নিয়ে ঢাকায় বসবাস করে আসছেন তিনি। জীবিকার তাগিদে রিকশা চালিয়ে সংসার চালান তোফাজ্জল। তার স্ত্রী ফাতেমা বেগমও ঢাকায় অন্যের বাসায় কাজ করতেন। সংসারের খরচ মেটানোর পর সামান্য যা অবশিষ্ট থাকত, সেখান থেকেই অল্প অল্প করে টাকা জমাতেন তারা।
স্বামী-স্ত্রীর দীর্ঘদিনের এই সঞ্চয়ের পেছনে ছিল একটি স্বপ্ন। বৃদ্ধ বয়সে যেন কারও কাছে হাত পাততে না হয়। গ্রামের বাড়িতে জমি বন্ধক নিয়ে চাষাবাদ কিংবা অন্য কোনো কাজে সেই টাকা বিনিয়োগ করে জীবনের শেষ সময়টা কিছুটা স্বস্তিতে কাটানোর পরিকল্পনা ছিল তাদের। এই দম্পতির রয়েছে তিন কন্যাসন্তান। সন্তানদের ভবিষ্যৎ নিয়েও ছিল নানা পরিকল্পনা।
সম্প্রতি ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফেরেন তোফাজ্জল হোসেন ও ফাতেমা বেগম। দীর্ঘদিনের জমানো টাকা দিয়ে জমি বন্ধক নেওয়ার পরিকল্পনা করছিলেন তারা। সেই উদ্দেশ্যে ঘরে রাখা সঞ্চয়ের বাক্স খুলে টাকা বের করতে গিয়ে ঘটে বিপত্তি।
বাক্সটি খুলতেই চোখ কপালে ওঠে তাদের। দীর্ঘদিনের কষ্টার্জিত সঞ্চয়ের প্রায় পুরো টাকাই উইপোকা কেটে নষ্ট করে ফেলেছে। কোথাও নোটের সামান্য অংশ, কোথাও আবার ছোট ছোট কাগজের টুকরো। নিজেদের চোখের সামনে বছরের পর বছর ধরে জমানো টাকা এভাবে নষ্ট হতে দেখে হতভম্ব হয়ে পড়েন তারা।
তোফাজ্জাল হোসেন জানান, দীর্ঘ ১০-১২ বছর ধরে অনেক কষ্ট করে টাকা জমিয়েছিলেন তারা। সংসারের খরচ চালানোর পর সামান্য সামান্য করে সঞ্চয় করেছেন। ভবিষ্যতে গ্রামের বাড়িতে জমি বন্ধক নিয়ে চাষাবাদ করার ইচ্ছা ছিল। কিন্তু উইপোকায় সব টাকা নষ্ট হয়ে যাওয়ায় এখন তাদের সেই স্বপ্নও ভেঙে গেছে।
স্থানীয়রা জানান, একজন শ্রমজীবী মানুষের পক্ষে ২ লাখ টাকা সঞ্চয় করা সহজ নয়। ঢাকার ব্যস্ত নগরজীবনে রিকশা চালিয়ে উপার্জনের পাশাপাশি ফাতেমা বেগমও শ্রম দিয়ে সংসারে অবদান রেখেছেন। স্বামী-স্ত্রীর দীর্ঘদিনের শ্রম, ঘাম ও ত্যাগের বিনিময়ে গড়ে ওঠা এই সঞ্চয় এভাবে নষ্ট হওয়ায় এলাকায়ও বিষয়টি নিয়ে দুঃখের সৃষ্টি হয়েছে।
জীবনের শেষ সময়ে একটু স্বস্তিতে থাকার আশায় যে সঞ্চয় করেছিলেন তোফাজ্জল-ফাতেমা দম্পতি, উইপোকার আক্রমণে তা এখন পরিণত হয়েছে মূল্যহীন কাগজের টুকরোয়। দীর্ঘদিনের শ্রমে গড়া স্বপ্ন ভেঙে গিয়ে অসহায় এই দম্পতি এখন তাকিয়ে আছেন সহায়তার আশায়।