রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪১:৪০
আওয়ামী লীগের রাজনীতি ফেরার সুযোগ নেই, ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক প্রতিমন্ত্রী মীর শাহে আলমের
বাংলাদেশের মাটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পুনরুত্থানের কোনো সুযোগ দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেছেন, পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতির মাঠে ফেরার সুযোগ দেওয়া যাবে না। তাদের পুনরুত্থান ঠেকাতে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষ আর সহিংসতা, নৈরাজ্য ও অশান্তি দেখতে চায় না। তারা শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন চায়। সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। মানবাধিকার লঙ্ঘন না করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে পরিস্থিতির উন্নতি না হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
মোকামতলাকে ঘিরে বড় উন্নয়ন পরিকল্পনার ঘোষণা দিয়ে মীর শাহে আলম বলেন, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের মোকামতলা হাইস্কুল মাঠে আসার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ওই দিন নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মোকামতলা মডেল পৌরসভা ও মোকামতলা থানার ফলক উন্মোচনের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
তিনি আরও জানান, মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০০ কোটি টাকা। ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী এ প্রকল্পেরও ফলক উন্মোচন করবেন বলে জানান তিনি।
এ ছাড়া শিবগঞ্জ ও মোকামতলা এলাকার ১ লাখ ২২ হাজার বাড়ির মধ্যে প্রথম পর্যায়ে ৬২ হাজার বাড়িতে মগ বিতরণ করা হবে। পরবর্তী বছর বাকি ৬০ হাজার বাড়িতে মগ বিতরণের পরিকল্পনা রয়েছে।
মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হোসেন তৌফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, মোকামতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি তাজুল ইসলাম, মীর শাকরুল আলম সীমান্ত, সদস্যসচিব রোকনউদ্দৌলা রুবেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিবগঞ্জ ও মোকামতলা এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর মধ্যে নিমগাছের চারা ও মগ বিতরণ করা হয়।