নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬ রাত ০৮:০২:৩৩
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ, নগদ ও রকেটের অনেক গ্রাহক লেনদেন করতে পারছেন না। তাদের মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ থাকায় জরুরি টাকা লেনদেনে দুর্ভোগে পড়েছেন সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীরা।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে ৯৭টি হিসাব বন্ধ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে এই হিসাবগুলোর বাইরেও আরও অনেক হিসাব সাময়িকভাবে বন্ধ বা ব্লক করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ফলে এ জেলায় মোবাইল ব্যাংকিংয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সূত্র জানায়, নিরাপত্তা ঝুঁকির কারণে এমএফএস প্রতিষ্ঠানগুলোর কর্মীরাও এজেন্টদের কাছে টাকা পাঠাতে পারছেন না। এতে এজেন্ট পয়েন্টগুলোতে লেনদেনও প্রায় বন্ধ হয়ে গেছে, ফলে ভোগান্তি বেড়েছে।
এদিকে বিকাশের পক্ষ থেকে গ্রাহকদের পাঠানো বার্তায় বলা হচ্ছে, ‘এমএফএস বিধিমালা অনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই মুহূর্তে এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না বলে দুঃখিত।’
এ ধরনের বার্তা পাওয়ার পর গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই বলছেন, নিজেদের জমানো টাকা পাঠানো বা উত্তোলন করতে না পেরে তারা ভোগান্তিতে পড়েছেন। বিকাশ, নগদ ও রকেট একসঙ্গে বন্ধ হয়ে যাওয়ায় অনিশ্চয়তা বাড়ছে।
তবে গোপালগঞ্জের বাসিন্দা কিংবা ওই জেলার ঠিকানা ব্যবহার করে খোলা বিকাশ হিসাব আলাদাভাবে বন্ধ করার অভিযোগ অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি।
বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, ‘‘এমএফএস বিধিমালা অনুযায়ী সন্দেহজনক লেনদেন শনাক্ত হলে কিছু হিসাব সাময়িকভাবে বন্ধ রাখা হয়। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তদন্ত ও যাচাই শেষে এসব হিসাব চালু করা হবে, নাকি বন্ধ থাকবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।’’
তিনি বলেন, ‘‘এটি নিয়মিত নিয়ন্ত্রক প্রক্রিয়ার অংশ। অনেক সময় গ্রাহকের দাবির ভিত্তিতে, কখনও নির্দিষ্ট প্রতিষ্ঠান বা ব্যাংকের পক্ষ থেকে অভিযোগ পেলে বা কখনও আইন প্রয়োগকারী সংস্থার অনুরোধে এসব হিসাব সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তদন্তে কোনও সমস্যা না পাওয়া গেলে হিসাব পুনরায় চালু করে দেওয়া হয়।’’
শামসুদ্দিন হায়দার ডালিম আরও বলেন, ‘‘এটা গোপালগঞ্জ বলে কোনো বিষয় নয়। একটি বিকাশ হিসাব খোলার সময় গ্রাহক তার নিজের ঠিকানা, বর্তমান ঠিকানা ও কর্মস্থলের ঠিকানাসহ একাধিক ঠিকানা দিতে পারেন। তাছাড়া অ্যাকাউন্ট খোলার পর গ্রাহকেরা বিভিন্ন জায়গায় যেতে পারেন। তাই কোনো হিসাব গোপালগঞ্জের, নাকি ঢাকার তা বিকাশের পক্ষে আলাদা করে চিহ্নিত করা সম্ভব নয়। সন্দেহজনক লেনদেনের কারণে হিসাব বন্ধ করা হলে তা গ্রাহককেন্দ্রিক, কোনো নির্দিষ্ট এলাকার বিষয় নয়।’’
বিকাশের দাবি, দেশে প্রায় আট কোটি মানুষ প্রতিষ্ঠানটির সেবা ব্যবহার করেন। তাই কোনো হিসাব গোপালগঞ্জের, নাকি ঢাকার—এভাবে আলাদা করে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।
বিকাশের পাশাপাশি নগদ ও রকেটের গ্রাহকেরাও একই ধরনের সমস্যায় পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এসব প্রতিষ্ঠানের কতটি হিসাব বন্ধ বা সাময়িকভাবে ব্লক করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
নগদের মুখপাত্র সজল জাহিদ বলেন, ‘‘কোনো নির্দিষ্ট জেলার গ্রাহকদের হিসাব বন্ধ করা হচ্ছে—এমন তথ্য তাদের কাছে নেই। নগদ কোনও এলাকার সেবা বন্ধ করেনি। এমএফএস প্রযুক্তিতে জিওগ্রাফিক্যাল লোকেশনের সেবা বন্ধ করা সম্ভব নয়। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে সন্দেহজনক লেনদেনের তথ্য গেলে নিয়মিত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট হিসাবের বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।’’
তিনি বলেন, ‘‘কোনো গ্রাহকের নম্বরে সন্দেহজনক লেনদেন হলে বিএফআইইউর নির্দেশনায় হিসাব বন্ধ হতে পারে। তবে কী কারণে, কোন গ্রাহকের হিসাব বন্ধ হয়েছে তা এমএফএস প্রতিষ্ঠানের পক্ষে নিশ্চিত হওয়া সম্ভব নয়।’’
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ‘‘সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেলে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংক হিসাব বা মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনের পরিপ্রেক্ষিতেই মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’
তিনি জানান, কতটি হিসাব বন্ধ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য আগামী রবিবার পাওয়া যেতে পারে।