ব্যবসায়ীদের লোকসান, আগামী মৌসুমে মজুদ ও বীজ সরবরাহ নিয়ে শঙ্কা
রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১৪:২১
বগুড়ায় কোল্ড স্টোরেজে পড়ে আছে ১ লাখ ১৫ হাজার টন আলু, দামে ধস
বগুড়ার আলুর বাজারে দেখা দিয়েছে বড় ধরনের বিপর্যয়। নতুন আলুর আগমন শুরু হওয়ায় পুরোনো আলুর চাহিদা কমে গেছে। এতে কোল্ড স্টোরেজ গেটে দরপতন অব্যাহত রয়েছে। উৎপাদন ও সংরক্ষণ ব্যয়ের তুলনায় কম দামে আলু বিক্রি করতে গিয়ে লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ী ও মজুদদাররা। একই সঙ্গে আগামী মৌসুমে আলু সংরক্ষণ এবং বীজ সরবরাহ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
জেলা কৃষি বিপণন অফিসের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে বগুড়ার ৫১টি হিমাগারে মোট ৪ লাখ ৯৭ হাজার মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয়েছিল। গত ১৫ নভেম্বর পর্যন্ত উত্তোলন শেষে এসব হিমাগারে এখনো প্রায় ১ লাখ ১৫ হাজার মেট্রিক টন আলু অবিক্রীত অবস্থায় রয়েছে।
ব্যবসায়ীদের দেওয়া তথ্যমতে, গত কয়েক দিনে হিমাগার গেটে আলুর দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। বর্তমানে এস্টেরিক্স জাতের আলু প্রতি ৬২ কেজির বস্তা বিক্রি হচ্ছে ৫৪০ থেকে ৫৮০ টাকায়। অন্যদিকে পাকড়ি জাতের আলুর দাম প্রতি বস্তা ৮৫০ থেকে ৯০০ টাকা।
হিমাগার থেকে এক বস্তা আলু বের করতে ভাড়া, শ্রমিক ও আনুষঙ্গিক খরচসহ ব্যয় হচ্ছে প্রায় ৩৮০ থেকে ৪০০ টাকা। এর সঙ্গে পরিবহন ও অন্যান্য খরচ যোগ হওয়ায় এস্টেরিক্স আলু বিক্রি করে অনেক ব্যবসায়ীকে লোকসান গুনতে হচ্ছে।
হিমাগার মালিকদের ভাষ্য, নিয়ম অনুযায়ী ১৫ নভেম্বর পর্যন্ত হিমাগার চালু রাখার সময় নির্ধারিত থাকলেও আলু উত্তোলনের ধীরগতির কারণে পুরো নভেম্বর মাসজুড়েই স্টোরেজ চালু রাখতে হচ্ছে। এতে বিদ্যুৎ, শ্রমিক ও পরিচালন ব্যয় বেড়ে যাচ্ছে।
এদিকে বাজারে নতুন আলু আসতে শুরু করায় পুরোনো আলুর প্রতি ক্রেতা ও পাইকারদের আগ্রহ কমেছে। তুলনামূলক বেশি দাম দিয়েও অনেক ক্রেতা নতুন আলু কিনতে আগ্রহী। ফলে হিমাগারে মজুদ থাকা বিপুল পরিমাণ পুরোনো আলু বিক্রি নিয়ে তৈরি হয়েছে জটিলতা।
বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, লোকসানের আশঙ্কায় অনেক ব্যবসায়ী হিমাগার থেকে আলু উত্তোলনে অনীহা দেখাতে পারেন। এতে অবিক্রীত আলু দীর্ঘদিন পড়ে থেকে নষ্ট হওয়ার ঝুঁকিও রয়েছে।
অন্যদিকে চলতি মৌসুমে বড় ধরনের লোকসান হলে আগামী বছর ব্যবসায়ীরা হিমাগারে আলু সংরক্ষণে আগ্রহ হারাতে পারেন। এতে আলুর বীজ সরবরাহ ও বাজারজাতকরণ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। পরবর্তী মৌসুমে সংরক্ষণ কমে গেলে বাজারে সরবরাহ সংকট এবং আলুর দাম বৃদ্ধির ঝুঁকিও তৈরি হতে পারে।
সব মিলিয়ে বগুড়ার আলুর বাজারে বর্তমান দরপতন শুধু ব্যবসায়ীদের লোকসানেই সীমাবদ্ধ নয়; এর প্রভাব আগামী মৌসুমের উৎপাদন, সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনাতেও পড়তে পারে। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি।