কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২২:২৭
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বাড়িতে আগুন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুরের জোড় পুকুর এলাকার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী বলেন, গাজীপুর মহানগরীর জোড়পুকুর এলাকায় একটি পুরাতন টিনশেড বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের প্রচেষ্টায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে টিনশেড ওই বাড়ির ভেতরের বিভিন্ন আসবাবপত্র সহ অন্যান্য মালামাল পুড়ে গেছে।