জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬ রাত ০৮:২৪:৪৬
নড়াইলের দুই ট্রেন বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
নড়াইলে বন্ধ হয়ে গেছে দুটি ট্রেন। খুলনা-বেনাপোল রুটে চলাচলকারী বেতনা এক্সপ্রেস ও খুলনা-ঢাকা রুটে চলাচলকারী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে।
ফলে গত বুধবার (১৯ নভেম্বর) থেকে এই দুটি ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে পারছেন না জেলাবাসী। এতে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। তবে এক সপ্তাহে নড়াইলের একাধিক ট্রেনের টিকিট কেটেছিলেন নড়াইলের অনেক যাত্রী। এখন তারা টিকিটের টাকা ফেরত পাচ্ছেন।
ট্রেনযাত্রীরা বলছেন, প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ নড়াইলের রূপগঞ্জ, নড়াইল সদর ও লোহাগড়া স্টেশন থেকে ট্রেনের মাধ্যমে ঢাকা ও খুলনায় যাতায়াত করতেন। আবার অনেকে গোপালগঞ্জ, য�শোর ও বেনাপোলেও যেতেন। কিন্তু ট্রেন দুটি বন্ধ হয়ে যাওয়ায় তাদের বাসসহ অন্যান্য যানবাহনে বেশি খরচে যেতে হচ্ছে। তারা চান দ্রুত ট্রেন দুটি আবার চালু হোক।
নড়াইলের লোহাগড়া উপজেলার রেলযাত্রী মেহেদী হাসান বলেন, ‘আমি গত বুধবার (১৯ নভেম্বর) জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে নড়াইল থেকে ঢাকায় যেতে চেয়েছিলাম। কিন্তু গোপালগঞ্জের ঘটনার পর ওই ট্রেন বন্ধ করে দেওয়া হয়। অথচ নড়াইল থেকে ঢাকা যেতে ট্রেনে আমার খরচ হতো মাত্র ৩৫০ টাকা। কিন্তু বাসে আমার প্রায় ৭০০ টাকা খরচ হয়েছে। আমার মতো অনেক যাত্রীরই কষ্ট হয়েছে। আমি চাই ট্রেন দুটি আবার দ্রুত চালু হোক।’
রেলওয়ে সূত্রে জানা গেছে, নড়াইল ও গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার পর রেলওয়ে নিরাপত্তাজনিত কারণে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন দুটি আবার চালু হবে।
নড়াইল স্টেশনের মাস্টার শহিদুল ইসলাম বলেন, ‘গোপালগঞ্জের ঘটনার পর সার্বিক পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ বেতনা এক্সপ্রেস ও জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন দুটির চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে। কর্তৃপক্ষের নির্দেশে যাত্রীদের টিকিটের অর্থ ফেরত দেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘কবে নাগাদ ট্রেন দুটি আবার চালু হবে, সে বিষয়ে আমরা এখনো নির্দেশনা পাইনি। কর্তৃপক্ষের নির্দেশনা পেলে আবার ট্রেন চালু করা হবে।’