রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫২:৩৫
আন্তর্জাতিক মানে উন্নীত হচ্ছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, নির্মিত হবে প্যারা স্পোর্টস ভিলেজ
বগুড়ার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ এবং ‘আরাফাত রহমান ন্যাশনাল প্যারা স্পোর্টস ভিলেজ’ নির্মাণের উদ্যোগ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধি দল শহীদ চান্দু স্টেডিয়াম পরিদর্শন করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী এবং বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।
সভায় শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। আধুনিক সুযোগ-সুবিধা সংযোজন, মাঠের উন্নয়ন, গ্যালারি, ড্রেনেজ ব্যবস্থা ও ফ্লাডলাইটসহ প্রয়োজনীয় অবকাঠামো সংস্কারের বিষয় গুরুত্ব পায়।
বিসিবির পরিকল্পনা অনুযায়ী, স্টেডিয়ামটি পুরোপুরি ভেঙে নতুন করে নির্মাণ না করে আধুনিকায়ন ও প্রয়োজনীয় অবকাঠামো পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নকশা ও ডিজাইন প্রণয়নের কাজও এগিয়ে চলছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে সংস্কারকাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, বগুড়ায় ‘আরাফাত রহমান ন্যাশনাল প্যারা স্পোর্টস ভিলেজ’ নির্মাণের উদ্যোগ বিশেষ গুরুত্ব বহন করছে। এই ক্রীড়া গ্রাম প্রতিষ্ঠিত হলে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের প্রশিক্ষণ, আবাসন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ তৈরি হবে।
উল্লেখ্য, ২০০৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিতি পায় শহীদ চান্দু স্টেডিয়াম। পরবর্তী সময়ে এখানে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচও অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ বিরতির পর স্টেডিয়ামটিকে আবার আন্তর্জাতিক ক্রিকেটের উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ বগুড়ার ক্রীড়াঙ্গনে নতুন প্রত্যাশা তৈরি করেছে।
দুটি প্রকল্প বাস্তবায়িত হলে বগুড়া আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের পাশাপাশি দেশের বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্যও গুরুত্বপূর্ণ ক্রীড়া কেন্দ্রে পরিণত হতে পারে।