হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া ( নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬ রাত ০৭:৩৭:১৭
দেশে ফিরলে শেখ হাসিনাকে প্রতিটি গুম-খুনের হিসাব দিতে হবে: শামীম
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। দেশে ফিরলে শেখ হাসিনাকে গুম-খুনের প্রতিটি ঘটনার হিসাব দিতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
তিনি বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশে ফেরার দিবাস্বপ্ন দেখছেন। এ দেশের মানুষ তার কাছ থেকে সব গুম-খুনের হিসাব নেবে।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ায় উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুবের রহমান শামীম বলেন, ফ্যাসিস্টরা শ্রমিক আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তারা এখন বাসে আগুন দিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকতে হবে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের কেউ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে না। বিএনপির ত্যাগী ও জনপ্রিয় নেতাদের বিবেচনায় নিয়ে দল একক প্রার্থী মনোনয়ন দেবে। দলের মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলীয় সিদ্ধান্ত অমান্য করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি হাতিয়ার ১১টি ইউনিয়নে বিএনপির প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
পৌর বিএনপির সাবেক সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাতের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা হাসিব মঈন উদ্দিন মাহমুদ, লুৎফুল্লাহিল মজিদ নিশান, আশিক ইকবাল, তানভির হায়দার, উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াছ, সদস্য সচিব ফাহিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সুমন তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ ও সদস্য সচিব আব্দুল হালিম।
আলোচনা সভা শেষে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।