জাহাঙ্গীর আলম, নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৫৯:৪২
নেত্রকোনায় লোকাল ট্রেনসহ বিভিন্ন যায়গায় আগুন,আটক ৮
নেত্রকোণায় লোকাল ট্রেনে আগুন, ভূমি অফিসে ককটেল বিস্ফোরণ, গ্রামীণ ব্যাংকের সামনে অগ্নিসংযোগ, বিভিন্ন স্থানে রাজনৈতিক নেতাদের বাড়ি-মার্কেটে হামলা, ভাঙচুর ও লুটপাট; মিছিল-সড়কে আগুন, বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে আটজন কে আটক করেছে পুলিশ।
নেত্রকোণায় জারিয়া থেকে ময়মনসিংহগামী লোকাল ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই রাতে সদর উপজেলার কাইলাটি ইউনিয়ন ভূমি অফিসে দুটি ককটেল বিস্ফোরণ এবং পূর্বধলায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের সামনের রাস্তায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া জেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাদের বাড়ি, মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের মিছিল ও সড়কে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। একের পর এক এসব ঘটনায় জেলাজুড়ে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নাশকতা প্রতিরোধে অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে পুলিশ।
পূর্বধলা রেলস্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মোমেন জানান, গত রাত ১১টা ২০ মিনিটে জারিয়া লোকাল ট্রেনটি পূর্বধলা স্টেশন থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়। পরে রাত আনুমানিক ১২টার দিকে গৌরীপুরের বিসকা স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনটির একটি বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে বগিটির কয়েকটি আসন পুড়ে যায়। পরে ট্রেনটি ময়মনসিংহ স্টেশনে পৌঁছায়।
তিনি আরও জানান, আগুনের ঘটনার পর সকাল থেকে ময়মনসিংহ-জারিয়া রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুপুরের পর নতুন বগি সংযুক্ত করে পুনরায় ট্রেন চলাচল শুরুর কথা রয়েছে।
এদিকে, নেত্রকোণা সদর উপজেলার কাইলাটি ইউনিয়ন ভূমি অফিসে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয়দের ধারণা, রাত সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে দুর্বৃত্তরা ভূমি অফিসে ককটেল দুটি বিস্ফোরণ ঘটায়। এতে অফিসের একটি চেয়ারসহ কয়েকটি আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন।
অন্যদিকে, জেলার পূর্বধলা উপজেলার বালুচড়া এলাকায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের সামনের রাস্তায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মধ্যরাতে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তা নিভিয়ে ফেলে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গ্রামীণ ব্যাংকের ভবনে নয়, কার্যালয়ের সামনের রাস্তায় আগুন দেওয়া হয়েছিল।
এছাড়া নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগের নেত্রকোনা জেলা সাধারণ সম্পাদক আরেফিন কায়সার শুভর বাসাবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বারহাট্টা উপজেলা সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেনের মার্কেট এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বারহাট্টা উপজেলা আহ্বায়ক ইমরান হাসান সাকিবের গ্রামের বাড়িতেও হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা।
এদিকে, জেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করে এবং সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। এসব ঘটনার পাশাপাশি বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
নেত্রকোণার পুলিশ সুপার (এসপি) তরিকুল ইসলাম জানান, নাশকতা প্রতিরোধে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে পুলিশ।
তবে ট্রেনে আগুন, ভূমি অফিসে ককটেল বিস্ফোরণ, গ্রামীণ ব্যাংকের সামনে অগ্নিসংযোগ এবং বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাগুলো তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।