ফকির আতিয়ার রহমান, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ৭ নভেম্বর ২০২৬ সকাল ১১:৪৭:১২
মোংলা বন্দরের উন্নয়নে এবার ‘চাবি’ তুলে দিলেন বিএনপি নেতা জুলফিকার
বাগেরহাটের মোংলা বন্দরের উন্নয়ন ও আধুনিকায়নের প্রত্যাশা তুলে ধরে নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলমের হাতে প্রতীকী ‘উন্নয়নের চাবি’ উপহার দিয়েছেন বার্থ শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী।
শুক্রবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মোংলা বন্দর জেটিতে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নবনির্বাচিত প্রতিনিধিদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় মন্ত্রীর হাতে প্রতীকী চাবিটি তুলে দেন জুলফিকার আলী।
চাবি উপহার দেওয়ার ব্যাখ্যায় জুলফিকার আলী বলেন, মোংলা বন্দরকে তিনি একটি তালার সঙ্গে তুলনা করেছেন। আর সেই তালা খোলার প্রতীক হিসেবেই মন্ত্রীর হাতে ‘উন্নয়নের চাবি’ তুলে দিয়েছেন। তার ভাষায়, চাবি ছাড়া যেমন তালা খোলা সম্ভব নয়, তেমনি প্রয়োজনীয় উন্নয়ন ছাড়া একটি বন্দরকে পুরোপুরি সচল ও গতিশীল করা যায় না।
তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠনের পর শেখ রবিউল আলম নৌপরিবহণমন্ত্রীর দায়িত্ব নেওয়ায় মোংলা বন্দরের উন্নয়ন নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। বন্দরের অগ্রগতি ধরে রাখতে মন্ত্রীর উদ্যোগ ও প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তারা আশা করছেন।
জুলফিকার আলী বলেন, মোংলা বন্দরের উন্নয়ন হলে ব্যবসায়ীদের মধ্যে আগ্রহ বাড়বে, আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে এবং ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন। একই সঙ্গে দেশের সামগ্রিক অর্থনীতিতেও বন্দরটি আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
তিনি জানান, প্রতীকী চাবি উপহারের মধ্য দিয়ে বন্দরের উন্নয়নের চলমান উদ্যোগ অব্যাহত রাখার দাবি মন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে। জবাবে নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম মোংলা বন্দরের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।
মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রত্যাশা থেকেই এই প্রতীকী উপহার দেওয়া হয়েছে বলে জানান জুলফিকার আলী।