হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৫৬:৩০
শীতের আগমনী বার্তায় হাতিয়ার নিমতলীতে অতিথি পাখির মেলা
শীতের আগমনী বার্তা নিয়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিমতলীতে দেখা মিলতে শুরু করেছে নানা প্রজাতির অতিথি পাখির। শীতের শুরুতেই জলাভূমি, খাল-বিল ও প্রাকৃতিক পরিবেশে অতিথি পাখির আনাগোনা প্রকৃতিপ্রেমীদের মাঝে সৃষ্টি করেছে বাড়তি আনন্দ ও উৎসাহ।
প্রতিবছর শীত মৌসুমে দেশের বিভিন্ন জলাভূমির পাশাপাশি হাতিয়ার প্রাকৃতিক পরিবেশেও ছুটে আসে নানা প্রজাতির পরিযায়ী পাখি। দূরদেশ থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আসা এসব অতিথি পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে নিমতলীর চারপাশ।
সকাল ও বিকেলের মনোরম সময়ে পাখিদের বিচরণ দেখতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি প্রকৃতিপ্রেমী ও দর্শনার্থীদের আগ্রহ বাড়ছে। অতিথি পাখির এমন উপস্থিতি হাতিয়ার প্রাকৃতিক সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
তবে অতিথি পাখিদের নিরাপদ বিচরণ নিশ্চিত করতে শিকার ও বিরক্ত করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। পাশাপাশি পাখিদের আবাসস্থল ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সচেতনতা প্রয়োজন।
প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য ধরে রাখতে অতিথি পাখি সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন পরিবেশ সচেতনরা।