নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৫৭:০৩
আমন মৌসুমে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ও দাম নির্ধারণ
চলতি আমন মৌসুমে ধান ও চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। সংগ্রহ কার্যক্রম চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। গত আমন মৌসুমের তুলনায় এক টাকা কমে সিদ্ধ চাল ও আতপ চাল এবং এক টাকা বেশিতে আমন ধান কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
তিনি বলেন, আমন ধান সংগ্রহ শুরু হবে ১৪ নভেম্বর থেকে। এ সংগ্রহ কার্যক্রম চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়া আগামী ১ ডিসেম্বর থেকে চাল সংগ্রহ শুরু হবে, এই কার্যক্রমও চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
এ মৌসুমে প্রতি কেজি ৪৯ টাকা দরে ৫ লাখ টন সিদ্ধ চাল, ৪৮ টাকা দরে ৫০ হাজার টন আতপ চাল এবং ৩৫ টাকা দরে ৩ লাখ টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।