নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩৮:২৮
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টার থেকে আটক হওয়া ১৭৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
গত সোমবার (২৩ নভেম্বর) বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদের প্রত্যাবাসন করা হয়।
জানা গেছে, আটক বাংলাদেশিরা ভূমধ্যসাগরে উদ্ধারের পর দীর্ঘদিন ধরে ওই ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। প্রত্যাবাসিতদের মধ্যে ১৯ জন অসুস্থ।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস জানায়, দেশটির বুরাক এয়ারের একটি ফ্লাইটে মঙ্গলবার (২৪ নভেম্বর) আনুমানিক সকাল ৬টায় তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
বেনগাজির বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যাবাসিতদের বিদায় জানান লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ। এ সময় তিনি দেশে ফিরে নতুন করে জীবন শুরু করা এবং ভবিষ্যতে দক্ষতা অর্জনের আহ্বান জানান। একই সঙ্গে অনিয়মিত পথে বিদেশ গমন থেকে বিরত থাকার পরামর্শ দেন।
এদিকে, আগামী ২৫ নভেম্বর ত্রিপোলি ও মিসরাতা থেকে আরও ১৭৫ বাংলাদেশিকে প্রত্যাবাসনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস।