আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতার যোগ্যতা বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। পাশাপাশি ঋণখেলাপি, ঋণের জামিনদার এবং যাদের ইউটিলিটি বিল বকেয়া রয়েছে, তারাও নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য হবেন।মঙ্গলবার (২১ জুলাই) নির্বাচন কমিশনের ১২তম কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও জেলা পরিষদ—এই পাঁচ ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনসংক্রান্ত আইন পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব চূড়ান্ত করেছে কমিশন। প্রস্তাবগুলো শিগগিরই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।সচিব জানান, সংশোধনী প্রস্তাবে এমপিওভুক্ত শিক্ষক ছাড়াও ঋণখেলাপি, ঋণের জামিনদার এবং বিদ্যুৎ, গ্যাস, পানি বা অন্যান্য ইউটিলিটি বিল বকেয়া থাকা ব্যক্তিদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে অযোগ্য হিসেবে বিবেচনার প্রস্তাব রাখা হয়েছে।এদিকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার তালিকা ব্যবস্থাপনা নিয়েও নির্বাচন কমিশন নতুন উদ্যোগ নিয়েছে।আখতার আহমেদ বলেন, বর্তমানে ১৬ বছর বা তার বেশি বয়সীদের তথ্য সংগ্রহ করা হয়। তবে তারা ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন না। ১৮ বছর পূর্ণ হলে তাদের নাম স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় যুক্ত হয়। এর আগে পর্যন্ত তাদের তথ্য ডরম্যান্ট (নিষ্ক্রিয়) অবস্থায় সংরক্ষিত থাকে।তিনি আরও জানান, তথ্য সংগ্রহের বয়সসীমা আরও কমানো যায় কি না, তা কমিশন পর্যালোচনা করছে। এসএসসি, অষ্টম শ্রেণি কিংবা প্রাথমিক স্তর—কোন পর্যায় থেকে নাগরিকদের তথ্য সংগ্রহ শুরু করা হবে, সে বিষয়ে তুলনামূলক বিশ্লেষণ শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
১৭ ঘন্টা আগে
বিদেশে ডেনিশ কোম্পানিগুলোকে সহায়তা করা ডেনমার্ক দূতাবাসের অন্যতম প্রধান কাজ। কৌশলগত সংলাপ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সরাসরি বিভিন্ন কোম্পানি পরিদর্শন করা, তাদের কর্মকর্তা-কর্মচারীদের সাথে সাক্ষাৎ করা এবং তাদের কাজকর্ম কাছ থেকে দেখা পাশাপাশি কাজের ধরণ, সম্ভাবনা এবং চ্যালেঞ্জগুলো ভালোভাবে বুঝতে সাহায্য করাও এই কার্যক্রমের অংশ।তারই ধারাবাহিকতায় আজ ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার ঢাকায় অবস্থিত 'ডিএসবি'-এর কার্যালয় পরিদর্শন করেন। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রতিষ্ঠানটির কান্ট্রি ম্যানেজার ধানুশকা গুণবর্ধনে এবং 'ডিএসবি' বাংলাদেশ টিম।পরিদর্শনকালে রাষ্ট্রদূত পুরো অফিস ঘুরে দেখেন, প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কর্মীদের সাথে কুশল বিনিময় করেন এবং যেসব সহকর্মী বাংলাদেশে 'ডিএবি'-তে ২৫ বছরেরও বেশি সময় ধরে সেবা দিয়ে আসছেন, তাদের বিশেষ স্বীকৃতি জানান—যা বাংলাদেশ ও এখানকার মানুষের প্রতি এই কোম্পানির দীর্ঘদিনের নিবেদিতপ্রাণ প্রতিশ্রুতিরই এক উজ্জ্বল নিদর্শন।ডেনমার্কে মাত্র ১০ জন পরিবহনকারীকে (হাউলিয়ার) সাথে নিয়ে যাত্রা শুরু করা 'ডিএসভি' আজ বিশ্বের সর্ববৃহৎ লজিস্টিকস কোম্পানিতে পরিণত হয়েছে, যা ডেনমার্কের এক অনন্য সাফল্যের গল্প। বর্তমানে বাংলাদেশে এর কার্যক্রম দেশকে বিশ্ববাজারের সাথে যুক্ত করতে, আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে এবং অর্থনৈতিক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।ডেনিশ ব্যবসাগুলোর সাথে এই ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে 'ট্রেড কাউন্সিল' ডেনমার্ক ও বাংলাদেশ—উভয় দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করে যাচ্ছে।
১ দিন আগে
কমিশন বৃদ্ধির দাবিতে আগামী ৩০ জুলাই সারাদেশের সব সিএনজি ফিলিং স্টেশন একদিনের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। এদিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত স্টেশনগুলো বন্ধ থাকবে।মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর বিজয়নগরে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কর্মসূচি বাস্তবায়নের জন্য গঠিত স্টিয়ারিং কমিটির আহ্বায়ক আমিরুজ্জামান চৌধুরী। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে কমিশন বৃদ্ধি না হওয়ায় ফিলিং স্টেশন পরিচালনায় মালিকরা আর্থিক সংকটে পড়েছেন। দাবি আদায়ে ৩০ জুলাই প্রতীকীভাবে একদিনের জন্য স্টেশন বন্ধ রাখা হবে।’আরও পড়ুন: সিএনজি ফিলিং স্টেশনে ফোন ব্যবহার কেন বিপজ্জনক?তিনি আরও বলেন, ‘দাবি পূরণ না হলে আগামী ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করে দেওয়া হবে।’সংগঠনের নেতারা জানান, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে ৮ টাকা কমিশন নির্ধারণ করা হয়েছিল। এরপর গত ১১ বছরে মূল্যস্ফীতি, শ্রমিকের মজুরি, যন্ত্রপাতি ও যন্ত্রাংশের দাম, ব্যাংক কমিশন, সড়ক ও জনপথ বিভাগের জমির ইজারা ফি এবং বিভিন্ন সরকারি লাইসেন্স ফি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে বর্তমান কমিশনে স্টেশন পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।তাদের দাবি, প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে কমিশন বাড়িয়ে ন্যূনতম ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণ করতে হবে। অর্থাৎ বর্তমান হারের তুলনায় কমিশন ৫ টাকা ৯৬ পয়সা বাড়ানোর দাবি জানানো হয়েছে।তবে দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
১ দিন আগে
বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।শীর্ষ পর্যায়ে বড় পরিবর্তন পুলিশের এই রদবদলে ময়মনসিংহ রেঞ্জ এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শীর্ষ পদে পরিবর্তন আনা হয়েছে। ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে সিআইডির ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলে দায়িত্ব দেওয়া হয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে।অন্যদিকে, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এবং পুলিশ অধিদফতরের ডিআইজি সারোয়ার মোর্শেদ শামীমকে এসএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও সিআইডির ডিআইজি মাসুদ করিমের একটি পূর্ববর্তী বদলি আদেশ বাতিল করা হয়েছে।র্যাব ও সদর দফতরে নতুন পদায়ন র্যাব এবং পুলিশ সদর দপ্তরেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার শরীফ উদ্দিন আহমেদকে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি হিসেবে র্যাবে পদায়ন করা হয়েছে।এছাড়া শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. কফিল উদ্দিনকে পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে।পাবনায় নতুন এসপি ও বিভিন্ন রেঞ্জে সংযুক্তি পাবনা জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান এসপি মো: ছফি উল্লাহকে সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করে তার জায়গায় এন্টি টেররিজম ইউনিটের আবু আশরাফকে পাবনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।পাশাপাশি বেশ কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এর মধ্যে পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি নাসিয়ান ওয়াজেদ এবং পুলিশ সদর দপ্তরের আ. ফ. ম. নিজাম উদ্দিন ও এসবির বিশেষ পুলিশ সুপার তাহসিন মাশরুফ হোসেন মাসফিকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।এছাড়া ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মোহাম্মদ আশিকুর রহমানকে খুলনা রেঞ্জে, ট্যুরিস্ট পুলিশের মো. আপেল মাহমুদকে রাজশাহী রেঞ্জে এবং সিআইডির মীর আবু তৌহিদকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পদায়ন করা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌহিদ আহমেদ স্বাক্ষরিত এই আদেশগুলো জনস্বার্থে অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।
১ দিন আগে