নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬ রাত ১০:১৬:২৪
রোজায় পণ্যের দাম নিয়ন্ত্রণে আগাম ব্যবস্থা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
জনগণের অর্থনৈতিক অধিকার নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড ও বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বকে সম্মানী দেওয়ার মতো কর্মসূচির মাধ্যমে সামাজিক সুরক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি দেশে-বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্য এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পর নির্বাচিত সরকার এবার জনগণের অর্থনৈতিক গণতন্ত্র নিশ্চিত করার কাজ শুরু করেছে। কোনো নির্দিষ্ট গোষ্ঠী নয়, বরং সব শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যেন অর্থনীতির সুফল ভোগ করতে পারে, সেই লক্ষ্যেই সরকার কাজ করছে।
তিনি বলেন, গত কয়েক মাসে প্রায় পাঁচ লাখ দক্ষ ও অদক্ষ শ্রমিককে বিদেশে পাঠাতে সক্ষম হয়েছে সরকার। আগামী কয়েক মাসের মধ্যে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে আরও কয়েক লাখ কর্মী পাঠানোর আশা করা হচ্ছে। এ ছাড়া বন্ধ কলকারখানার মধ্যে অনেকগুলো ইতোমধ্যে চালু করা হয়েছে। আগামী এক বছরের মধ্যে আরও ৪৬ থেকে ৪৭টি বন্ধ কলকারখানা চালুর পরিকল্পনা রয়েছে।
জ্বালানি খাতে ৫০০ কোটি টাকা ভর্তুকি
জ্বালানি সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের মধ্যে বিশ্বে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। বাংলাদেশ ওই যুদ্ধের কোনো পক্ষ না হলেও এর নেতিবাচক প্রভাব থেকে রেহাই পায়নি। বিশেষ করে জ্বালানি সংকট মোকাবিলা করতে হয়েছে।
তিনি বলেন, জনগণের ভোগান্তি কমানো এবং ব্যবসা-বাণিজ্য ও উৎপাদন স্বাভাবিক রাখতে তেল, গ্যাস ও বিদ্যুৎ খাতে সরকার এ পর্যন্ত ৫০০ কোটি টাকা ভর্তুকি দিয়েছে।
৫ লাখ কর্মী বিদেশে পাঠানোর দাবি
প্রধানমন্ত্রী বলেন, কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম অগ্রাধিকার। বিদেশে কর্মসংস্থানের পাশাপাশি দেশের বন্ধ কলকারখানা চালুর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর চেষ্টা চলছে। গত কয়েক মাসে প্রায় পাঁচ লাখ দক্ষ ও অদক্ষ শ্রমিক বিদেশে পাঠানো হয়েছে।
বিনিয়োগে আগ্রহী চীন, তুরস্ক ও জাপান
দেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন দেশের সঙ্গে বিনিয়োগ নিয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে, তবে কোনো চুক্তি সম্পাদিত হয়নি। আগামী অধিবেশনে এসব সমঝোতা স্মারক সংসদে উপস্থাপন করা হবে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ডিএফসি থেকে ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ অন্তর্ভুক্ত হয়েছে। এতে জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতের বিভিন্ন প্রকল্পে অর্থায়নের সুযোগ তৈরি হয়েছে। এ ছাড়া চীন, তুরস্ক ও জাপানসহ কয়েকটি দেশ বাংলাদেশের বড় বিনিয়োগের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে।
আলুর দাম ৭০ থেকে ২০ টাকা হয়েছে
নিত্যপণ্যের বাজার পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাজার মনিটরিং অব্যাহত রাখার পাশাপাশি চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় পণ্যের ওপর আমদানি শুল্ক ও কর কমানো হয়েছে।
তিনি সংসদে দেওয়া তথ্যে বলেন, আগের সরকারের সময় প্রতি কেজি আলুর দাম ছিল ৭০ টাকা, বর্তমানে তা ২০ টাকা। পেঁয়াজের দাম ১৫০ টাকা থেকে কমে ৪০ থেকে ৪২ টাকা হয়েছে। মোটা চালের দাম ৬৫ টাকা থেকে কমে ৫৫ টাকা এবং মিনিকেট চালের দাম ৮৫ টাকা থেকে কমে ৭০ টাকা হয়েছে।
এ ছাড়া ডিমের ডজন ১৮০ টাকা থেকে কমে বর্তমানে ১২০ টাকা হয়েছে বলে জানান তিনি। মরিচের দামও আগের তুলনায় কমেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
রমজানে ১০ পণ্য বাকিতে আমদানির সুযোগ
আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংক চাল, গম, চিনি, ছোলা, ভোজ্যতেল, খেজুর, ডাল, পেঁয়াজ, রসুন ও আদাসহ ১০টি পণ্য সর্বোচ্চ ৯০ দিন বাকিতে আমদানির সুযোগ দিয়েছে।
তিনি বলেন, এর ফলে আমদানিকারকেরা পণ্য হাতে পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে মূল্য পরিশোধ করতে পারবেন। এ ছাড়া রমজান উপলক্ষে খেজুরের ওপর ২০ শতাংশ কর কমানো হয়েছে। আপেল ও মাল্টার ওপর শুল্ক ৫০ শতাংশ কমানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, এসব উদ্যোগের লক্ষ্য হচ্ছে রমজানে সাধারণ মানুষ যাতে তুলনামূলক কম দামে প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন।