নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬ রাত ০৬:২২:৫৫
বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সংসদীয় সাব কমিটির বৈঠক
ত্রয়োদশ জাতীয় সংসদের ইউএনএফপি এর সহায়তায় এসপিসিপিডি প্রকল্পের অধীন বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সাব কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মোছা. তাহসিনা রুশদীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে শামীম আরা বেগম স্বপ্না, আন্না মিনজ, নিলোফার চৌধুরী মনি, মো. রফিকুল ইসলাম খান, এবং কাজী রফিকুল ইসলাম অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত এবং কমিটির সদস্যদের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিচিতি অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাল্যবিবাহ প্রতিরোধ, কৈশোরকালীন বাচ্চা নেওয়া থেকে বিরত রাখা, কিশোরীদের শিক্ষার সুযোগ সৃষ্টি এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় ও নারীর সক্ষমতা বৃদ্ধি প্রসঙ্গে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতি বাল্যবিবাহ প্রতিরোধ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, এ বিষয়ে ইউনিয়ন পর্যায়ে যে কমিটি রয়েছে জেলা ও উপজেলা পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম মনিটরিং করা, বিবাহ রেজিস্ট্রেশনের সময় অনলাইন জন্ম নিবন্ধন সম্পৃক্ত করা, পাঠ্যবইয়ে এবিষয়ে একটি অধ্যায় অন্তর্ভূক্ত করা এবং জনপ্রতিনিধিদের সংশ্লিষ্ট নির্বাচনি এলাকা থেকে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে নারীর প্রতি পুরুষদের সহনশীল মনোভাব জোরদার ও এ বিষয়ে সেমিনার আয়োজন, আইনের যথাযথ প্রয়োগ ও বাস্তবায়ন, কোর্ট ম্যারেজ বন্ধ ও আইনের দ্বারা রেজিস্ট্রি ছাড়া বিবাহ বন্ধ করার, সর্বোচ্চ ও সর্বনিম্ন বাল্যবিবাহ যেসব জেলায় হয় তার কারণ অনুসন্ধান করার বিষয়ে আলোচনা হয।
বৈঠকে জানানো হয় বর্তমানে জেলা ও উপজেলা পর্যায়ে লীগ্যাল এইড অনেক সক্রিয়। নির্যাতনের শিকার নারীরা লীগ্যাল এইডের সহযোগিতার মাধ্যমে দ্রুত বিচার পেতে পারে। পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ সংশোধনের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম চলমান।