কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:১৭
কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন সিফাত আব্দুল্লাহ
প্রধানমন্ত্রী তারাক রহমান ও সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার মোহাম্মদ সিফাত আবদুল্লাহ গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) রাত ৮ টার সময় তিনি মুক্তি পান।
বিষয়টি নিশ্চিত করেন কারা অধিদপ্তরের জেলার (মিডিয়া সেল) মোঃ মাসুদ হাসান জুয়েল। তিনি বলেন,আজ বিকেলে জামিনের কাগজপত্র কাশিমপুর কারাগারে এসে পৌঁছায়। পরে যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে আর কোন মামলা না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়।
উল্লেখ্য এর আগে গত ৩ সেপ্টেম্বর মহানগরীর গাছা এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।
পরের দিন ৪ সেপ্টেম্বর তাকে সন্ত্রাস বিরোধী পুরনো একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরপর দুই দফায় নিম্ন আদালতে তার জামিন নাকচ করা হয়।
প্রথম গত ৭ সেপ্টেম্বর গাজীপুর মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক মোঃ রাকিবুল ইসলাম তার জামিন নামঞ্জুর করেন। পরে ২২ সেপ্টেম্বর গাজীপুর মহানগর দায়রা জজ আদালতে দ্বিতীয় দফায় তার জামিন আবেদন খারিজ হয়।
দ্বিতীয় দফায় তার জামিন নামঞ্জুরের পর সিফাতের
আইনজীবীরা হাইকোর্টের দ্বারস্থ হন। শুনানি শেষে উচ্চ আদালত তার জামিন মঞ্জুর করেন।