ছাত্র দূত থেকে আগামীর কূটনীতিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬ রাত ০৬:৩২:৩৪
অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি তরুণ ফাইয়াজের অনন্য সাফল্যগাথা
মাত্র চার বছরের সংক্ষিপ্ত সময়ে দুটি ডিগ্রি অর্জন, বিশ্ববিদ্যালয়ের ‘স্টুডেন্ট অ্যাম্বাসেডর’ (ছাত্র দূত) হিসেবে দায়িত্ব পালন, পুরস্কারজয়ী ক্লাব প্রতিষ্ঠা, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ, দমকলকর্মীদের সাথে হাতে-কলমে মানবিক প্রশিক্ষণ, ভিসা জটিলতা সামলানো এবং নিজের বিয়ের আনুষ্ঠানিকতা—সবকিছুই একসাথে সামলেছেন বাংলাদেশি তরুণ ফাইয়াজ মোহাম্মদ। আর এটি ছিল কেবল তার যাত্রার শুরু।
২০২২ সালে অস্ট্রেলিয়ায় পাড়ি জমানোর আগে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্র ফাইয়াজ বাংলাদেশে বিএনসিসি এয়ার উইংয়ের ক্যাডেট ছিলেন। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ওলোংগংয়ে (ইউওডব্লিউ) ‘গ্লোবাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ বিষয়ে মেজরসহ ব্যাচেলর অব ইন্টারন্যাশনাল স্টাডিজ দিয়ে তার উচ্চশিক্ষার যাত্রা শুরু হয়।
ফাইয়াজ বলেন, “আমার পড়াশোনার অভিজ্ঞতা প্রথাগত ডিগ্রির চেয়ে কিছুটা ভিন্ন ছিল। ব্যাচেলর এবং মাস্টার্স—উভয় পর্যায়েই আমি শুধু শ্রেণিকক্ষে বসে থাকিনি, বরং শ্রেণিকক্ষের বাইরে প্রচুর ব্যবহারিক এবং কর্মমুখী শিক্ষার সাথে যুক্ত ছিলাম।”
স্নাতক পর্যায়ে ফাইয়াজ স্প্যানিশ ভাষা শেখেন এবং “কোম্পানিয়েরো দে কামিনো” নামক 'স্টুডেন্ট অ্যাজ পার্টনারস' প্রোগ্রামে যোগ দেন, যেখানে শিক্ষার্থীরা সহপাঠী ও কোর্স সমন্বয়কারীদের মধ্যে সেতুবন্ধন হিসেবে নেতৃত্ব দেন। এছাড়া নিজের বিষয়ের বাইরেও তিনি ‘ইন্ডিজেনাস স্টাডিজ’ (আদিবাসী অধ্যয়ন) এবং ‘কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া’ বিষয় নিয়ে পড়াশোনা করেন। তার মতে, বৈচিত্র্যময় বিষয় নিয়ে পড়াশোনা টেকসই উন্নয়ন ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে তার দক্ষতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
পড়াশোনার পাশাপাশি ফাইয়াজ ইউওডব্লিউ-এর স্টুডেন্ট অ্যাম্বাসেডর হিসেবে কাজ শুরু করেন, যেখানে তিনি ভর্তি, বিপণন ও প্রচারণার অভিজ্ঞতা অর্জন করেন। এই কাজটি তিনি এতটাই ভালোবেসে ফেলেছিলেন যে, ২০২৪ সালে বিশ্ববিদ্যালয়ের ‘রুকি অব দ্য ইয়ার’ (সেরা নবাগত) এবং ২০২৫ সালে ‘অ্যাম্বাসেডর অব দ্য ইয়ার’ পুরস্কার জিতে নেন।
হাসতে হাসতে ফাইয়াজ বলেন, “আরেকটি মজার তথ্য হলো, ইউওডব্লিউ লিভারপুল কোর্স গাইডের প্রচ্ছদে এবং মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের প্রতিনিধি হিসেবে কোর্স গাইডবুকের ভেতরে আমার ছবি ছাপা হয়েছিল। তাই ক্যাম্পাসের প্রায় সবাই আমাকে মুখচেনা হিসেবে চেনে—এটা আমার জীবনের অন্যতম সেরা একটি বিষয়।”
এরপর আসে ‘ইন্টারন্যাশনাল কনভারসেশন ক্লাব’-এর গল্প। একজন আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে নতুন দেশে বন্ধু তৈরি করা যে কতটা কঠিন, তা তিনি নিজেই অনুভব করেছিলেন। শিক্ষার্থীদের একত্রিত করার সুযোগ কাজে লাগিয়ে কয়েকজন স্বেচ্ছাসেবকের সহায়তায় ফায়াজ এই ক্লাবটি প্রতিষ্ঠা করেন এবং এর প্রথম সভাপতি হন। ক্লাবটি অভাবনীয় সাফল্য পায়—২০২৫ সালে এটি বিশ্ববিদ্যালয়ের ‘ক্লাব অব দ্য ইয়ার’ নির্বাচিত হয় এবং ফাইয়াজ নিজে ‘ক্লাব পারসন অব দ্য ইয়ার’ খেতাব অর্জন করেন।
তিনি বলেন, “পুরো যাত্রায় এমন স্বীকৃতি পাওয়া এবং আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতির জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারাটা সত্যিই অসাধারণ অনুভূতি।”
ছাত্র দূত হিসেবে তিনি বেশ কয়েকবার অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেছেন। সেখানে পার্লামেন্ট হাউস পরিদর্শনের পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং সাবেক বিরোধীদলীয় নেতা পিটার ডাটনের সাথে সাক্ষাতের সুযোগ পান তিনি। ফাইয়াজের ভাষায়, “পার্লামেন্ট হাউসের অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ ভিন্ন এক জগৎ। এটি ছিল শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়ে বাস্তব জীবন থেকে শেখার আরেকটি বড় সুযোগ।”
২০২৪ সালে বিশ্ববিদ্যালয়ে যখন তিনি বিপ্লব ও রাজনৈতিক অস্থিরতা নিয়ে পড়াশোনা করছিলেন, ঠিক তখনই নিজ দেশ বাংলাদেশে ঘটে যাওয়া গণ-অভ্যুত্থান ও রাজনৈতিক অস্থিরতার বাস্তব রূপ প্রত্যক্ষ করেন। তিনি স্মরণ করেন, “সেই সময় কয়েক দিনের জন্য আমি আমার পরিবারের সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম, যা আমার জন্য ছিল অত্যন্ত বেদনাদায়ক ও ব্যক্তিগতভাবে উদ্বেগের। এই অভিজ্ঞতা রাজনৈতিক অস্থিরতার মানবিক পরিণতি সম্পর্কে আমার উপলব্ধিকে আরও গভীর করেছে এবং পাঠ্যবইয়ের তত্ত্বকে বাস্তব ঘটনার সাথে মেলাতে সাহায্য করেছে।”
ডিস্টিংশন এবং ‘ডিন’স মেরিট অ্যাওয়ার্ড’সহ স্নাতক শেষ করার আগেই ফাইয়াজ অভিজ্ঞতার এক বিশাল ভান্ডার গড়ে তুলেছিলেন। তবে শুরুতে মাস্টার্স করার কোনো পরিকল্পনা তার ছিল না।
ফাইয়াজ বলেন, “সত্যি বলতে, মাস্টার্স করার কোনো পরিকল্পনাই আমার ছিল না। কিন্তু অধ্যাপক ফিল অর্চার্ড আমাকে মাস্টার অব ইন্টারন্যাশনাল রিলেশনস প্রোগ্রামের কথা জানান, যেখানে স্নাতকের কিছু ক্রেডিট ব্যবহার করে কম সময়ে ডিগ্রিটি শেষ করা সম্ভব। বিষয়টি আমার কাছে দারুণ আকর্ষণীয় মনে হলো এবং আমি ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিলাম।”
তিনি আরও যোগ করেন, “প্রক্রিয়াটি ছিল অত্যন্ত দ্রুত ও মসৃণ—একজন আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে ভিসার যাবতীয় আনুষ্ঠানিকতা সামলে জুনে ব্যাচেলর শেষ করে জুলাইয়ে মাস্টার্স শুরু করাটা সত্যিই অবিশ্বাস্য ছিল।”
‘মেরিটাইম সিকিউরিটি অ্যান্ড পলিসি’তে (সমুদ্র নিরাপত্তা ও নীতি) মেজরসহ মাস্টার্স করার সময় তিনি নিজেকে আরও বৃহত্তর পরিসরে মেলে ধরেন। অস্ট্রেলিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান রিসোর্সেস অ্যান্ড সিকিউরিটির (এএনসিওআরএ) গবেষকদের সাথে কাজ করার পাশাপাশি, মানবিক সংস্থা ‘রেডআর অস্ট্রেলিয়া’-এর সহযোগিতায় ভিক্টোরিয়া ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে (মাউন্ট ম্যাসেডন) দমকলকর্মী ও মানবিক কর্মীদের সাথে নিবিড় প্রশিক্ষণ ও ব্যবহারিক মহড়ায় অংশ নেন।
ফাইয়াজ বলেন, “এটি ছিল এক সপ্তাহ করে দুটি বিষয়ের নিবিড় প্রশিক্ষণ কর্মসূচি। সেখানে গিয়ে দমকলকর্মী, অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের (এডিএফ) কর্মকর্তা এবং মানবিক কর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভারী ও বাস্তবমুখী কাজ করতে হয়েছে। এটি ছিল সরাসরি মাঠপর্যায়ের কাজের এক দারুণ অভিজ্ঞতা।”
এছাড়া পোর্ট কেমব্লায় নাবিকদের সাথে সাক্ষাৎ ও বন্দরের ভেতরে গিয়ে ব্যবহারিক জ্ঞান অর্জন, করিমাল রোটারি ক্লাবে স্বেচ্ছাসেবা এবং অনুষদের বিভিন্ন সমন্বিত প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করেন।
পড়াশোনার পাশাপাশি এতসব কর্মকাণ্ড চালিয়ে নেওয়ার জন্য নিখুঁত পরিকল্পনা এবং শিক্ষকদের নমনীয়তার প্রয়োজন ছিল। নতুন চালু হওয়া মাস্টার্স প্রোগ্রামের প্রথম দিকের শিক্ষার্থী হওয়ায় ফাইয়াজ তার শিক্ষকদের সাথে আলোচনা করে নিজের অভিজ্ঞতার সাথে সামঞ্জস্য রেখে বিষয়গুলো সাজিয়ে নিতে পেরেছিলেন। পড়াশোনার চাপ বেশি হলেও অধ্যাপক ফিল, ড. হিরোনোরি ওনুকি, সহযোগী অধ্যাপক সুসান এঙ্গেল, ক্যাথরিন সিটন এবং এএনসিওআরএস ও ইন্টারন্যাশনাল স্টাডিজ টিমের আন্তরিক সহযোগিতায় সবকিছু সহজ হয়ে যায়।
স্নাতকোত্তর শেষ করার পরও ফাইয়াজ তার সাবেক শিক্ষকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন। তার মতে, ডিগ্রির পাশাপাশি শিক্ষকদের সাথে গড়ে ওঠা এই সুসম্পর্ক তার জীবনের অন্যতম বড় সম্পদ।
ফাইয়াজ বলেন, “আমার সব শিক্ষকই অত্যন্ত বাস্তবমুখী এবং তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। পুরো প্রোগ্রামে অর্জিত অভিজ্ঞতা আমার আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আমার সব অধ্যাপক ব্যক্তিগতভাবে বলেছেন যে তারা আমার রেফারি (সুপারিশকারী) হবেন। এটি আমার জন্য অনেক বড় পাওয়া। অন্যান্য বিভাগে হাজার হাজার শিক্ষার্থী থাকায় শিক্ষকদের পক্ষে সবাইকে আলাদাভাবে চেনা সম্ভব হয় না, কিন্তু এই কোর্সে আমার সব শিক্ষকই আমাকে নামে চেনেন। তাদের এই উৎসাহ আমাকে কর্মক্ষেত্রে প্রবেশের সাহস জুগিয়েছে।”
ফাইয়াজ ‘ইউওডব্লিউ গ্লোবাল এন্টারপ্রাইজেস’-এর সাথে কাজ করেছেন এবং বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক বাজারে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমে সহায়তা করছেন। বহুভাষী দক্ষতার কারণে তিনি অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে তাদের নিজ নিজ ভাষায় কথা বলে সঠিক দিকনির্দেশনা দিতে পারছেন।
বিশ্ববিদ্যালয়ে কাজ করার সুযোগের জন্য কৃতজ্ঞ থাকলেও ফাইয়াজ এখন বাইরের পেশাগত জীবনের কথা ভাবছেন। তিনি বলেন, “আমি আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রেই আমার ক্যারিয়ার গড়তে চাই—আশা করি অস্ট্রেলিয়ার ক্যানবেরা অথবা নিজ দেশ বাংলাদেশে কাজ করার সুযোগ পাব।”
ইউওডব্লিউ-এর ‘মাস্টার অব ইন্টারন্যাশনাল রিলেশনস’ প্রোগ্রামের প্রথম ব্যাচে যে দুজন আন্তর্জাতিক শিক্ষার্থী প্রথম স্নাতক হয়েছেন, ফাইয়াজ তাদের একজন (অন্যজন তার সহপাঠী ও বন্ধু হোয়াং আন নগুয়েন)। ভিন্ন দেশ ও সংস্কৃতির শিক্ষার্থীদের সাথে গড়ে ওঠা এই বন্ধুত্বকে তিনি জীবনের অন্যতম অর্থবহ অর্জন বলে মনে করেন।
সবশেষে আত্মবিশ্বাসী কণ্ঠে ফাইয়াজ বলেন, “ইউওডব্লিউ-তে কাটানো প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি অভিজ্ঞতা আমাকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের দক্ষতাগুলো বাস্তবে প্রয়োগ করার সুযোগ দিয়েছে। আমি এর প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি এবং ভিন্ন ভিন্ন জগতের সাথে পরিচিত হয়েছি। এখন আমি বিশ্বের যেকোনো প্রান্তে, যেকোনো চ্যালেঞ্জ নিতে পুরোপুরি প্রস্তুত।”
দারুল হিকমাহ পাবলিকেশন্স লিমিটেড, প্রিন্সিপাল বিল্ডার্স লিমিটেড ও দাওয়াহ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিনের জ্যেষ্ঠ পুত্র ফাইয়াজ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং বিএএফ শাহীন কলেজে পড়াশোনা করেছেন। ফাইয়াজের ছোট ২ ভাই ফারদিন আহমেদ ও জাওয়াদ মাহমুদ অস্ট্রেলিয়া মেলবোর্নে আলাদা ইউনিভার্সিটিতে সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশোনা করছেন।