আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ রাত ০৮:৫৬:৪৩
ইয়েমেনে সৌদি বাহিনীর বিমান হামলা
ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত রাজধানী সানা শহর এবং এর আশেপাশের এলাকাগুলোতে সৌদি বাহিনী প্রাণঘাতি বিমান হামলা চালিয়েছে। এর পাশাপাশি ইয়েমেনের মোচা বন্দরেও প্রায় ২০টি হামলার খবর নিশ্চিত করা হয়েছে। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে সম্পৃক্ত সংবাদমাধ্যম ‘আল-মাসিরাহ’ শনিবার (২৪ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।
'আল-মাসিরাহ' সানাকে লক্ষ্য করে চালানো সৌদি বাহিনীর ধারাবাহিক বিমান হামলার প্রতিবেদন প্রকাশ করেছে। এসব হামলার মধ্যে একটিতে আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে। ওই হামলায় অন্তত তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
সম্প্রচারমাধ্যমটি আরও জানায়, সানায় একটি সিমেন্ট কারখানায় পৃথক আরেকটি হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছে।
ইয়েমেনে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোট সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় তাইফ ও ইয়ানবু শহরের দিকে হুতিদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যচ্যুত ও ধ্বংস করার ঘোষণা দেওয়ার পর এই হামলার খবরগুলো সামনে এলো।
এর আগে, রিয়াদের সিভিল ডিফেন্স এজেন্সি ইসলামের পবিত্রতম নগরী মক্কা এবং জেদ্দা, তাইফ ও ইয়ানবুসহ পশ্চিমাঞ্চলের চারটি সৌদি অঞ্চলের জন্য ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি করেছিল।
২০১৫ সালে রিয়াদের নেতৃত্বে একটি সামরিক জোট ইয়েমেনের সংঘাতে প্রথম হস্তক্ষেপ করে, যা পরবর্তীতে দেশটিকে ধ্বংসস্তূপে পরিণত করে এবং বিশ্বের অন্যতম মারাত্মক মানবিক সংকট সৃষ্টি করে।
২০২২ সালে যুদ্ধবিরতির পর থেকে এই যুদ্ধটি স্থবির হয়ে পড়েছিল, তবে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া বিস্তৃত যুদ্ধের চরম উত্তেজনার মাঝে গত জুলাইয়ে তা পুনরায় ভয়াবহ রূপ ধারণ করে।