নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় দুর্বৃত্তের গুলিতে লুৎফুজ্জামান আলিফ ফকির নামে এক সাংবাদিক নিহত হয়েছন। আজ ১৫ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে দুর্গাপুর উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজারে এ ঘটনা ঘটে।নিহত ঐ সাংবাদিকের গ্রামের বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।নিহত লুৎফুজ্জামান আলিফ একটি বেসরকারি আইপিটিভি (ইন্টারনেট প্রটোকল টেলিভিশন) এ কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুক পেজ চালাতেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে লুৎফুজ্জামান তেলনজিয়া বাজারে একটি দোকানে চা খেয়ে বের হচ্ছিলেন। এ সময় দুই যুবক এসে তার ওপর পরপর কয়েকটি গুলি ছোড়ে। গুলির শব্দে স্থানীয় লোকজন ছুটে এলে ওই যুবকেরা দৌড়ে কিছুটা দূরে রাখা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। পরে আহত আলিফ ফকির লুৎফুজ্জামানকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান জানান, ওই সাংবাদিকের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
১ ঘন্টা আগে
বগুড়ার শাজাহানপুরে ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় বিপ্লব ইসলাম (৩৬) নামে এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মাদক সরবরাহকারী একটি চক্রের সদস্য হিসেবে কাজ করছিলেন বলে জানিয়েছে অধিদপ্তর।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোহা. জিললুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের ইউ-এ-৪ নম্বর আসনে থাকা বিপ্লব ইসলামকে আটক করা হয়। পরে তাঁর আসনের পাশে থাকা এসি নক কভারে তল্লাশি চালিয়ে দুটি প্যাকেটে রাখা ১০ হাজার ৬০০ পিস কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা উদ্ধার করা হয়।অভিযানে মাদক কারবারে ব্যবহৃত সিমসহ একটি অ্যান্ড্রয়েড মুঠোফোনও জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার বিপ্লব ইসলামের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।অধিদপ্তরের উপপরিচালক আরও জানান, বিপ্লবের বিরুদ্ধে আগে মাদকসংক্রান্ত মামলা না থাকলেও মাদক কারবারে তাঁর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তিনি মূলত মাদক সরবরাহকারী চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে চক্রটি বগুড়া রুট ব্যবহার করে মাদক সরবরাহ করে আসছিল বলে তথ্য রয়েছে অধিদপ্তরের কাছে।তিনি জানান, চক্রটির সদস্যদের শনাক্ত করতে বগুড়া জেলা কার্যালয় আগে থেকেই অনুসরণ করছিল। গ্রেপ্তার বিপ্লবের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা মাদকের চালানটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হস্তান্তরের কথা ছিল।গ্রেপ্তার বিপ্লব ইসলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বারইল এলাকার নুরুজ্জামানের ছেলে। মাদক সরবরাহকারী চক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
১ ঘন্টা আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ থেকে ১১ অক্টোবরের মধ্যে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলায় ১৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি। এসব হামলায় আহত হয়েছেন আরও ৩৩৩ জন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রিয়াদে এক সংবাদ সম্মেলনে এই হতাহতের পরিসংখ্যান তুলে ধরেন আল-মালিকি।তিনি জানান, গত ১ অক্টোবর থেকে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে মোট ২০টি হামলা চালানো হয়েছে। এর মধ্যে গভ ১০ অক্টোবর সবচেয়ে বড় হামলা চালায় হুথিরা। এ হামলায় ড্রোন, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য নিক্ষেপযোগ্য অস্ত্রসহ ১০টি অস্ত্র ব্যবহার করা হয়েছিল বলে জানান তিনি।সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র অভিযোগ করেন, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা পরিকল্পিতভাবে সৌদি আরবের গুরুত্বপূর্ণ বেসামরিক বিমান চলাচল অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে। এসব হামলায় বিমানবন্দরের যাত্রী ও কর্মীদের জীবন ঝুঁকির মুখে পড়েছে। এর আগে ১০ অক্টোবর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হওয়ার কথা জানিয়েছিল সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে দুই বাংলাদেশি নাগরিকও ছিলেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছিল।পরদিন ১১ অক্টোবর বিমানবন্দরটিতে আবারও হামলা চালায় ইরান-সমর্থিত হুথিরা। সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ হামলায় বিমানবন্দরের একটি টার্মিনালে অজ্ঞাত প্রক্ষেপণ আঘাত হানার পর আগুনের সূত্রপাত হয়। এতে একজন নিহত ও ১১ জন আহত হন।প্রসঙ্গত, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর সৌদি আরবের অন্যতম প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার। নিরাপত্তা পরিস্থিতির কারণে ইতোমধ্যেই বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিমান সংস্থা রিয়াদে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করেছে।
৪ ঘন্টা আগে
গ্রামীণ নারীদের নান্দনিক হস্তশিল্প ও ব্যবহৃত উপকরণসহ উৎপাদিত পণ্য নিয়ে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত হয়েছে। জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন, টেকসই গ্রামীণ অর্থনীতির প্রাণ" স্লোগান নিয়ে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মীজ তামান্না ফেরদৌসী।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় উপজেলার ফয়লা বাজারে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় ও ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি) উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইআরভি'র ক্লাইমেট রেজিলিয়েন্ট ফার্মিং-মার্কেট এক্সেস প্রকল্পের সমন্বয়কারী সৌরভ ভদ্র।অনুষ্ঠানে উজলকুড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য বিউটি বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে দেন রামপাল উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা আইন-শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য মোঃ আক্তার মোড়ল, মহিলা সদস্য আসমা বেগম ও মো. আলিমুজ্জামান, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।মেলার স্টলের মধ্যে গ্রামীণ নারী কৃষকদের তৈরিকৃত বিভিন্ন ধরণের কুটির শিল্প, উৎপাদিত বিভিন্ন ধরণের সবজি, দেশীয় ফল, কৃষিতে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতি, বিভিন্ন ধরণের পিঠার প্রদর্শনী করা হয়। এছাড়াও হস্ত ও কুটির শিল্পের স্টলে নকশি কাঁথা, কুশিকাটা, বেতের তৈরি ল্যাম্পসেট, ঝুড়ি, ধামা, ফুলদানি, বাঁশের তৈরি কুলা, পুথির তৈরি ব্যাগসহ নানা বিষয় মেলায় প্রদর্শন করা হয়।
৪ ঘন্টা আগে