রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬ রাত ০৬:০০:৩৩
বগুড়ায় মুরগির শেডে মিলল ১১ হাজার ৫০০ ট্যাপেন্টাডল, মা-ছেলে গ্রেপ্তার
বগুড়ায় মুরগির শেডে লুকিয়ে রাখা ১১ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় মা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টা ৫০ মিনিটে বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী মধ্যপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।
ডিবি পুলিশের এসআই আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পলাতক আসামি লিটনের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির ছাদের ওপর থাকা অস্থায়ী মুরগির শেড থেকে ১১ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ওই বাড়ি থেকে লিটনের স্ত্রী মোছা. কুলসুম বেগম (৩৮) ও ছেলে মো. আব্দুল কাইয়ুম লাম (১৯) কে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, উদ্ধার করা ট্যাবলেটগুলো কুলসুম বেগমের হেফাজতে ছিল। এ ঘটনায় গ্রেপ্তার দুজনসহ পলাতক আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।