১০২ শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের মধ্যে বিতরণ, সহস্রাধিক শিক্ষার্থী পেল জাইমা রহমানের ছবি সংবলিত মগ
রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ দুপুর ০২:০০:৫৬
জাইমা রহমানের জন্মদিনে শিবগঞ্জে ৫৪৮ ছাত্রীকে সাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে ১০২টি শিক্ষাপ্রতি৮ষ্ঠানের ৫৪৮ জন ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এ ছাড়া সহস্রাধিক শিক্ষার্থীর হাতে উপহার হিসেবে দেওয়া হয়েছে জাইমা রহমানের ছবি সংবলিত মগ।
রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টায় শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
আয়োজকদের ভাষ্য, নারীশিক্ষার প্রসার, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা বৃদ্ধি এবং নারীর ক্ষমতায়নে উৎসাহ জোগাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সাইকেল পেয়ে ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ হবে এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে বলে আশা করছেন তাঁরা।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, “সাইকেল শুধু যাতায়াতের বাহন নয়, এটি একজন ছাত্রীর শিক্ষার পথে এগিয়ে যাওয়ার সহায়ক হবে। মেয়েদের শিক্ষা, আত্মবিশ্বাস ও স্বাবলম্বিতা নিশ্চিত করতে হলে তাদের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের পথচলা নির্বিঘ্ন করতে ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিনে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।”
সাইকেল বিতরণ অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী শিবগঞ্জের আলিয়াহাট রোকেয়া ছাত্তার উচ্চ বিদ্যালয় মাঠে যান। সেখানে ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ও ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি মীর সাখরুল আলম সিমান্ত, শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নারীশিক্ষায় সহায়তা, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবা সম্প্রসারণ—এই তিন লক্ষ্য সামনে রেখে কর্মসূচির আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।