কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ বিকাল ০৫:০৮:৫০
গাজীপুর ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে মহানগরীর কাশিমপুর লোহাকৈর মাজার ও সারদাগঞ্জ পূর্বপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ওজন ও পরিমাপ দণ্ড আইনে নাটোরের কাঁচা গোল্লা তৈরির কারখানাকে ৫০ হাজার টাকা, আল মদিনা ফুডকে ৩০ হাজার টাকা ও এবি এন্টারপ্রাইজে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সালেহুর রহমান।
অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন, মেট্রোলজি পরিদর্শক ইঞ্জিনিয়ার চিন্ময় মণ্ডল শিশির, ফিল্ড অফিসার (সিএম) রিয়াজ হোসেন মোল্লা, এনএসআই সদস্য ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা।
অভিযানের বিষয়ে ম্যাজিস্ট্রেট মোঃ সালেহুর রহমান বলেন, ভোক্তাদের অধিকার ক্ষুন্ন করা এবং বাজারের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করা এবং নকল মোড়কে পণ্যসামগ্রী উৎপাদন করার অপরাধে তাদেরকে জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান তিনি।