ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:২৭:২৯
ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র দুর্গন্ধ, দুর্ভোগে রোগী-স্বজন
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছড়িয়ে পড়েছে তীব্র দুর্গন্ধ। হাসপাতালের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা জমে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। টয়লেট, ড্রেন ও মেঝেসহ বিভিন্ন স্থানে অপরিচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে বলে অভিযোগ করেছেন তারা। এর সঙ্গে জনবল সংকট থাকায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা।
রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালের কয়েকটি টয়লেট দীর্ঘদিন ধরে অপরিষ্কার থাকায় সেখান থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। বিভিন্ন ড্রেনে মলমূত্র ও ময়লা জমে থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। হাসপাতালের বিভিন্ন স্থানেও পড়ে রয়েছে ময়লা-আবর্জনা। এমনকি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) ভেতর ও আশপাশেও ময়লা জমে থাকার অভিযোগ রয়েছে।
হাসপাতালের এমন নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে চিকিৎসা নিতে এসে উল্টো অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা করছেন রোগীরা। বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা রোগীদের দুর্ভোগ বেশি হচ্ছে বলে জানিয়েছেন তাদের স্বজনরা।
এ পরিস্থিতিতে রোগী ও স্বজনদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের দাবি, দ্রুত হাসপাতালের টয়লেট, ড্রেন ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে হাসপাতালের আরএমএ প্রমিত পাল বলেন, “হাসপাতালে সমস্যার শেষ নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি, দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে।”
স্থানীয়দের দাবি, শুধু সাময়িকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সমাধানের পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জনবল সংকট নিরসন করে রোগীদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা।