জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৫ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩৫:৪২
জামালগঞ্জে ঠেলাগাড়ি চালকের মরদেহ উদ্ধার
জামালগঞ্জ উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর এক ঠেলাগাড়ি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আব্দুল হামিদ (৪৮)। তিনি জামালগঞ্জ সদর ইউনিয়নের তেলিয়াপাড়া গ্রামের আয়ান উল্লাহর ছেলে।
বৃহস্পতিবার দুপুরে তার বাড়ি থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে উপজেলার ভীমখালী ইউনিয়ন-এর তেরানগর গ্রামের কাছে দোলতা নদী সেতুর দক্ষিণ পাশে জামালগঞ্জ-নওমৌজা পাকা সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামালগঞ্জ-নওমৌজা পাকা সড়ক দিয়ে ফেনারবাঁক ও ভীমখালী ইউনিয়নের অন্তত ২০টি গ্রামের মানুষ চলাচল করেন। গত বুধবার বিকেল পর্যন্ত সড়কের পাশে কোনো মরদেহ দেখা যায়নি। তবে বৃহস্পতিবার সকালে পথচারীরা সড়কের পূর্ব পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানান।
পরে স্থানীয়রা বিষয়টি ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামানকে অবগত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতনামা হিসেবে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে নিহতের স্ত্রী এসে মরদেহটি শনাক্ত করেন বলে জানা গেছে।
ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। তার ধারণা, অন্য কোথাও হত্যা করা বা মৃত্যুর পর মরদেহটি এখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে। কারণ এটি একটি ব্যস্ত সড়ক এবং প্রতিদিন শত শত মানুষ এ পথে চলাচল করে। বুধবার বিকেল পর্যন্ত কারও নজরে মরদেহটি পড়েনি। সম্ভবত রাতে কেউ মরদেহটি সেখানে ফেলে গেছে।
তিনি আরও জানান, পরে জানা যায় নিহতের নাম আব্দুল হামিদ এবং তিনি জামালগঞ্জ উপজেলার তেলিয়াপাড়া গ্রামের বাসিন্দা। কয়েক দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন।
এ বিষয়ে জামালগঞ্জ থানা-র অফিসার ইনচার্জ (ওসি) বন্দে আলী বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তেরানগর গ্রামের সেতুর দক্ষিণ পাশের এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।