মোঃ শান্ত শেখ, টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ২ মে ২০২৬ দুপুর ০২:১৪:১৫
টুঙ্গিপাড়ায় ইজিবাইকের চার্জার লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে ইজিবাইকের চার্জার লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সালেহা বেগম (৮২) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত রাজ্জাক শিকদারের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার ০২/০৫/২৬ এপ্রিল ভোর আনুমানিক সকাল ৬টার দিকে সালেহা বেগম প্রতিবেশী আব্দুল হাকিম শেখের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। এসময় সেখানে একটি ব্যাটারিচালিত ইজিবাইক বৈদ্যুতিক সংযোগে চার্জে বসানো ছিল। অসাবধানতাবশত ইজিবাইকটিতে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।
নিহতের ছেলে শাহাদাত শিকদার জানান, পারিবারিক জমির দলিল সংক্রান্ত বিষয়ে কথা বলতে তারা ওই বাড়িতে গিয়েছিলেন। তিনি বলেন, আমার ভাগিনা আমাকে ডেকে আনে। পরে বাড়িতে মাকে না পেয়ে খুঁজতে খুঁজতে আব্দুল হাকিমের বাড়ির সামনে যাই। সেখানে গিয়ে দেখি ইজিবাইকের চাকার নিচে মা নিথর অবস্থায় পড়ে আছেন। তাকে উদ্ধার করে কোলে নেওয়ার পর কপালে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পোড়া দাগ দেখতে পাই।
ইজিবাইকের মালিক আব্দুল হাকিম জানান, মানুষের চিৎকার শুনে ঘুম থেকে উঠে তিনি গাড়ির পাশে সালেহা বেগমকে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে ঘরে নেওয়া হলে বুঝতে পারেন তিনি আর বেঁচে নেই।
ডুমুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মমরেজ ফকির বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। নিহত বৃদ্ধা সম্পর্কে আমার নানি হন। মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর বিষয়টি পুলিশকে জানাই এবং প্রশাসনের লোক আসা পর্যন্ত প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করতে বলি।
খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আইয়ুব আলী ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্ত শেষে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বৃদ্ধার আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।