নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৫২:৩০
তা’মীরুল মিল্লাতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত দেশসেরা দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা-এর প্রধান ক্যাম্পাসে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অনার্স-মাস্টার্স শ্রেণির নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল ২০২৬) সকাল ৮টা ৩০ মিনিটে মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী। অনার্স বিভাগের সমন্বয়ক মাওলানা শরিফুল ইসলাম এবং ছাত্র সংসদের জিএস আব্দুল কাইয়ুমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য প্রফেসর ড. মুহাম্মাদ আবু জাফর খান।
অনুষ্ঠানে মাদ্রাসার মুফাসসির মাওলানা জাকির হোসাইন শেখ, মাওলানা আবুল কাসেম গাজী, মুহাদ্দিস মাওলানা আব্দুল গাফ্ফার মাক্কী, ফকীহ মাওলানা মহিউদ্দীন, ফকীহ মাওলানা শরিফুল ইসলাম সুলতানী, সহকারী অধ্যাপক মিজানুর রশীদ, মাওলানা আব্দুস সামাদ, আহসান হাবীব, মাওলানা রেজানুল ইসলাম, মাওলানা আবু বকর সিদ্দিক, আব্দুস সামাদ আযাদসহ শিক্ষকবৃন্দ এবং ছাত্র সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মুহাম্মাদ আবু জাফর খান তা’মীরুল মিল্লাতের ঐতিহ্যবাহী ফলাফল, জাতি গঠনে এর অবদান এবং ইসলামী স্কলার তৈরিতে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা অর্জনের পাশাপাশি অহীভিত্তিক জ্ঞান অর্জনে মনোনিবেশ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে চলতি বছর অনার্স পর্যায়ে জিপিএ-৫ (A+) অর্জনকারী ১৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়।
এছাড়া নবভর্তি অনার্স ও মাস্টার্স শ্রেণির শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত হয়। এতে একাডেমিক জীবন, উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন করে ইসলামের মূল্যবোধে নিজেকে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের দীনের দাঈ হিসেবে সমাজের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মিলনায়তন প্রাণবন্ত হয়ে ওঠে।