নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ সকাল ১১:৪০:১৯
প্রশ্ন ফাঁসের খবর ভিত্তিহীন: শিক্ষা মন্ত্রণালয়
এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের সব বোর্ডের প্রশ্ন ফাঁস হওয়ার খবরকে সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
রোববার (২৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে।
এতে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও নিউজ পোর্টালে এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের (১০১) সব বোর্ডের প্রশ্ন ফাঁস হয়েছে মর্মে একটি সংবাদ ছড়িয়ে পড়েছে, যা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
ইতোমধ্যে ২১ এপ্রিল বাংলা প্রথম পত্র ও ২৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। পরীক্ষা শেষ হওয়ার একদিন পর প্রশ্ন ফাঁস সম্পর্কিত সংবাদটি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।
প্রকৃতপক্ষে, প্রশ্নপত্র ফাঁসের সংবাদটি একটি গুজব এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এটি প্রচার করা হচ্ছে। এ বিষয়ের সঙ্গে মন্ত্রণালয় বা এর অধীনস্ত দপ্তরের কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত নয়।
জনগণকে এ ধরনের মিথ্যা সংবাদের বিষয়ে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার ও কোনো ধরনের অর্থ লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রশ্নফাঁস সংক্রান্ত এ ধরনের অপপ্রচার নজরে এলে শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করার অনুরোধ করা হলো।