এসএসসি ও সমমান পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬ রাত ০৯:৩২:০৩
প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার ৪০৮, বহিষ্কার ৬
এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী। আর ৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদিন এসএসসিতে বাংলা প্রথম পত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানায়।
এতে বলা হয়, এসএসসি, দাখিল এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ১৫ লাখ ৯ হাজার ৬ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা থাকলেও অংশ নেন ১৪ লাখ ৮৩ হাজার ৫৯৮ জন। বাকি ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
দেশজুড়ে ৩ হাজার ৮৭৫টি পরীক্ষা কেন্দ্রের তথ্য দিয়েছে কমিটি। সাধারণ ৯ শিক্ষাবোর্ডের মধ্যে ঢাকা ও দিনাজপুর শিক্ষাবোর্ডে মোট দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মাদ্রাসা বোর্ডে বহিষ্কার ৪।