নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৫৪:২৩
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১০২০ জনে। নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ১০২ জনের। সেই হিসেবে হামে মোট ১ হাজার ১২২ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ অক্টোবরর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গে প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ৪৬৩ জন মারা গেছে। এরপরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৭৯ জন। এছাড়া রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮০, চট্টগ্রামে ৮৬, বরিশালে ৬০, খুলনায় ৪৪ ও রংপুর বিভাগে ১৫ জন মারা গেছে।
বুলেটিনে আরও বলা হয়, গত একদিনে দেশের বিভিন্ন জায়গায় ১ হাজার ১৩ জন রোগী হাম উপসর্গ নিয়ে হাসপাতালে আসে, যার মধ্যে এক হাজার ৩ জন ভর্তি হয়েছে।
হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ভর্তি ২৯৯ জন, চট্টগ্রামে ২২৪, সিলেটে ১৫৮, বরিশালে ১৩৮, খুলনায় ৭৩, ময়মনসিংহ ৪৯, রাজশাহীতে ২৫ ও রংপুরে ৩৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৩ হাজার ২৪ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।
গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ১৯৭ জনে। এর মধ্যে হামে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৬৬৬ জন।