নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ রাত ১১:৩২:৪৩
আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে টাঙ্গাইলে বিএনপি চেয়ারপারসন ও 'আমরা বিএনপি পরিবার'-এর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্বাচনী সমাবেশে লজিস্টিক সাপোর্টে নিয়োজিত মোঃ জনি একটি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন। দীর্ঘ চিকিৎসার খরচ ইতোমধ্যেই তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব হয়ে ওঠেনি। খবর পেয়ে পাশে দাঁড়ান মাননীয় প্রধানমন্ত্রী।
রোববার, ১৫ মার্চ ২০২৬ বিকাল ৪.৩০ মিনিটে রাজধানীর গোলাপবাগ সংলগ্ন এলাকায় 'আমরা বিএনপি পরিবার'-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মোঃ জনির সঙ্গে সাক্ষাৎ করেন। তারা তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করেন।
উপস্থিত ছিলেন 'আমরা বিএনপি পরিবার'-এর সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, রুবেল আমিন, ড্যাবের মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ডা. আসলামুল ইসলাম রুদ্র, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, স্বেচ্ছাসেবক দল নেতা ইমতিয়াজ সেতু এবং ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি টাঙ্গাইলে মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী সমাবেশে মোঃ জনি ডেকোরেশন ও মাইক সার্ভিসের দায়িত্বে ছিলেন। সমাবেশ চলাকালীন মারাত্মকভাবে আহত হওয়ার পর দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা জনিকে আজ 'আমরা বিএনপি পরিবার'-এর প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা প্রদান করলো।
স্থানীয়রা জানান, প্রধানমন্ত্রীর সহমর্মিতা এবং সংগঠনের তৎপরতায় আহত জনি তার চিকিৎসা নির্বিঘ্নে সম্পন্ন করতে পারবে এবং দ্রুত সুস্থ হয়ে উঠবেন।