নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬ সকাল ১০:৩২:৫৭
মুখে ইনসাফের কথা বলা নেতারা গুপ্ত রাজনীতি করেছে: পানিসম্পদ মন্ত্রী
যারা মুখে ইনসাফের কথা বলেন, প্রকৃতপক্ষে তারা ইনসাফের রাজনীতি করেননি — মানুষকে জিম্মি করে গুপ্ত রাজনীতি করেছেন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ইনসাফের রাজনীতি সব সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে পরিচালিত হয়েছে এবং ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। তিনি আরও বলেন, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে ইনসাফ ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় রয়েছে তাদের। এই লক্ষ্যে যুবদল বিশেষ ভূমিকা এবং তরুণ ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির প্রশংসা করে মন্ত্রী বলেন, ওই মহান কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ স্বনির্ভরতার পথে এগিয়েছিল এবং উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে দেশ সামনে এগিয়ে গিয়েছিল। আগামী দিনেও তারেক রহমানের নেতৃত্বে একই পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে তিনি জানান।
লক্ষ্মীপুর পৌর যুবদলের সভাপতি ফয়েজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।