নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৫:২২
কুমিল্লা সিটিতে মেয়র পদে এনসিপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট তারিকুল ইসলাম
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী হিসেবে অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামকে সমর্থন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তিনি জাতীয় যুবশক্তির আহ্বায়ক এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক ও সংগঠক হিসেবে পরিচিত।
গতকাল রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে তারিকুল ইসলামের নাম ঘোষণা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে শিক্ষাজীবন সম্পন্ন করা তারিকুল ইসলাম ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং এ সময় ৪৮ দিন কারাবরণ করেন।
পরবর্তীতে ২০১৯ সালের ডাকসু নির্বাচনসহ শিক্ষার্থীদের অধিকার আদায়ের বিভিন্ন আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আবরার ফাহাদ হত্যা মামলার বিচার দাবি এবং এনআরসি-সিএএ বিরোধী আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন। ২০২২ সালে আবরার ফাহাদের স্মরণসভা থেকে গ্রেফতার হয়ে দ্বিতীয়বার কারাবরণ করেন।
তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন। ওই আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে তিনি “স্লোগান মাস্টার” হিসেবে পরিচিতি লাভ করেন।
এছাড়া তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিষ্ঠাকালীন নিউক্লিয়াসের সদস্য ছিলেন। বর্তমানে তারিকুল ইসলাম জাতীয় যুবশক্তির আহ্বায়ক ও এনসিপির নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশায় তিনি একজন আইনজীবী।
এনসিপি নেতারা আশা প্রকাশ করেছেন, তরুণ নেতৃত্ব ও গণআন্দোলনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারিকুল ইসলাম কুমিল্লা সিটি করপোরেশনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।