শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ৫ মার্চ ২০২৬ রাত ১০:২৫:২৫
জেলা প্রশাসনের পৃথক অভিযানে সেমাই কারখানা ও ইটভাটায় আড়াই লাখ টাকা জরিমানা
নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও পরিবেশ সুরক্ষায় শরীয়তপুরে পৃথক দুটি অভিযানে সেমাই কারখানা ও ইটভাটাকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৫ মার্চ) জেলার জাজিরা ও সদর উপজেলায় জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এসব জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জাজিরা উপজেলার মনাই ছৈয়াল কান্দি এলাকায় অবস্থিত আর.এম ফুড প্রোডাক্টস নামের একটি সেমাই কারখানায় অভিযান চালানো হয়। কারখানাটি অনিবন্ধিত অবস্থায় সেমাই উৎপাদন ও বাজারজাত করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এদিকে পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে জাজিরা উপজেলার কাজিরহাট বাজারেও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী একটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়।
অপরদিকে একই দিনে শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে মেসার্স এম কে এম ব্রিকস নামের একটি ইটভাটায় অভিযান চালানো হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৫(২) ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ অভিযানে পরিবেশ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয় সহযোগিতা করে।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে ভেজাল খাদ্য উৎপাদন ও পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।