মোঃ শান্ত শেখ, টুঙ্গিপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:৫৪:৩০
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে ৪০ জনের নাম উল্লেখ ও ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বিকালে গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফুলমিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এ ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘গত শনিবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করে। এসময় সদর উপজেলার রঘুনাথপুর বুড়িমার গাছতলা এলাকায় টহলরত পুলিশের একটি দল ওই মিছিলের মুখোমুখি হলে এবং মিছিলটি থামানোর চেষ্টা করলে মিছিলকারীরা লাঠি-সোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।’
এ সময় হামলাকারীরা পুলিশের একটি পিকআপভ্যান ভাঙচুর করে। এতে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।