কালকিনি, মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ দুপুর ০২:৫০:২২
চুরি করে বিক্রি করা লাখ টাকার স্বর্ণ ও সরঞ্জামসহ গ্রেফতার ২
মাদারীপুরের কালকিনিতে একটি বসতবাড়ির জানালার গ্রিল কেটে স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে চুরি হওয়া অলঙ্কার বিক্রির নগদ টাকা, উদ্ধারকৃত স্বর্ণ এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, কালকিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঝাউতলা এলাকার বাসিন্দা জান্নাতুল হুসনা (৩৮) সন্তানদের নিয়ে বর্তমানে ঢাকায় বসবাস করেন। গত ২৫ থেকে ২৮ আগস্টের মধ্যে যেকোনো সময় তার স্বামীর তিনতলা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটের ব্যালকনি ও জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। তারা ঘরের ভেতরে থাকা স্বর্ণের হার, টিকলি, আংটি, রুলি, লকেট, কানের দুল, ব্রেসলেট এবং রুপার নুপুরসহ বহু মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
ঘটনার তদন্তে নেমে কালকিনি থানা পুলিশ সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত মোঃ সুজন সরদার (৩৪)-কে শনাক্ত করে। পরে ৩০ অক্টোবর রাতে অভিযান চালিয়ে কালকিনি উপজেলা পরিষদ এলাকা থেকে গ্রেফতার করে। এসময় তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী তার বসতঘর থেকে চোরাই স্বর্ণ বিক্রির ২ লাখ ৪০ হাজার টাকা এবং চুরির কাজে ব্যবহৃত সেলাই রেইঞ্জ, হাতুড়ি, প্লাস ও সুইজ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
পরবর্তীতে সুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে কালকিনি বাজারের ‘বিসমিল্লাহ জুয়েলার্স’-এ অভিযান চালিয়ে দোকানের স্বত্বাধিকারী এনামুল হক (৪৫)-কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি স্বর্ণের ছেঁড়া হার, কানের দুল, টিকলি, ব্রেসলেট ও গলিত স্বর্ণের টুকরা জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।